ছবি : প্রতিকী
স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফেরার পর গ্রাহকদের আমানত ফেরত দিচ্ছে ন্যাশনাল ব্যাংক। উত্তোলনের চেয়ে জমার পরিমাণ বেশি হওয়ার কথা জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। ন্যাশনাল ব্যাংকে গ্রাহকদের স্বাগত জানাতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। দীর্ঘদিনের তারল্য সংকট কাটিয়ে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফিরছে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক পিএলসি। ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থা ফেরাতে যেমন নেওয়া হচ্ছে নানা উদ্যোগ, তেমনি আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রমও চলছে। এরই মধ্যে ব্যাংকের পক্ষ থেকে জানিয়েছে, বর্তমানে টাকা উত্তোলনের চেয়ে জমার পরিমাণ বেড়েছে। গ্রাহকদের এই ইতিবাচক সাড়া ব্যাংকটির ঘুরে দাঁড়ানোর পথে নতুন আশার সঞ্চার করেছে।
জানা গেছে, গত ১৫ অক্টোবর ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ার পর সব শাখায় আসা গ্রাহকদের ফুল দিয়ে স্বাগত জানান কর্মকর্তারা। দীর্ঘদিনের চ্যালেঞ্জ পেরিয়ে গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করা এবং ব্যাংকটির প্রতি আস্থা ফিরিয়ে আনতেই এ উদ্যোগ।
দীর্ঘদিনের গ্রাহকের জন্য নিজের প্রয়োজন অনুযায়ী অর্থ তুলতে পারা যেমন স্বস্তির, তেমনি ব্যাংকটির জন্যও তা গ্রাহকসেবা স্বাভাবিক করার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি। কারণ, আর্থিক সংকটের সময়ে গ্রাহকদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়, তা কাটিয়ে উঠতে নিয়মিত লেনদেন ও আমানত ফেরত দেওয়ার সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে, ন্যাশনাল ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে ফেরার প্রক্রিয়াকে এগিয়ে নিতে আর্থিক সহায়তাও এসেছে। ব্যাংকটিকে সাত হাজার কোটি টাকা ঋণ দিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক, যার গ্যারান্টি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই অর্থের সহায়তায় ব্যাংকটির তারল্য ব্যবস্থাপনা ও গ্রাহকদের আমানত ফেরত দেওয়ার কার্যক্রম এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের আস্থায় আবারও ঘুরে দাঁড়াচ্ছে ন্যাশনাল ব্যাংক। বর্তমানে উত্তোলনের তুলনায় আমানত জমার পরিমাণ বেশি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ব্যাংকটির মতে, গ্রাহকদের এই সাড়া তাঁদের আস্থা ও ভালোবাসার প্রতিফলন। একই সঙ্গে সুশাসন, স্বচ্ছতা ও উন্নত সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থার মর্যাদা রক্ষার অঙ্গীকারও করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
























