সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির অধীনে একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের পুনর্গঠন কার্যক্রমে আরও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) থেকে নিয়োগপ্রাপ্ত প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে। এর আগে ৩০ জুলাই একই সিদ্ধান্ত কার্যকর হয় এক্সিম ব্যাংকে। ফলে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের মধ্যে দুটি থেকে প্রশাসকের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে শেষ হলো।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক থেকেও পর্যায়ক্রমে প্রশাসক সরিয়ে নেওয়া হবে। এরপর এসব ব্যাংকের পরিচালন কার্যক্রম পুরোপুরি সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন ব্যবস্থাপনার অধীনে পরিচালিত হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করে বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর হয়েছে। একই প্রক্রিয়ার আওতায় অচিরেই বাকি তিনটি ব্যাংক থেকেও প্রশাসকদের দায়িত্ব প্রত্যাহার করা হবে।
এর আগে ২০ জুলাই বাংলাদেশ ব্যাংক নীতিগতভাবে সিদ্ধান্ত নেয়, একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক—এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের সার্বিক পরিচালনার দায়িত্ব সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির কাছে হস্তান্তর করা হবে।
এই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে ২০ জুলাই বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মোস্তাকুর রহমান সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেন। এর আগের দিন তিনি পাঁচটি ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত প্রশাসকদের সঙ্গে পৃথক বৈঠক করেন। ওই বৈঠকে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার-ও উপস্থিত ছিলেন।
























