পুঁজিবাজারে তালিকাভুক্ত এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেড বর্তমানে কোনো ধরনের উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে না। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অনুসন্ধানের জবাবে কোম্পানিটি তাদের কারখানার উৎপাদন পুরোপুরি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএসই প্রকাশিত তথ্য অনুযায়ী, সম্প্রতি গণমাধ্যমে এস আলম গ্রুপের চট্টগ্রামের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান বন্ধ এবং শ্রমিক ছাঁটাইয়ের খবর প্রকাশিত হলে বিষয়টি নিয়ে তালিকাভুক্ত কোম্পানিটির কাছে ব্যাখ্যা চায় স্টক এক্সচেঞ্জ।
ডিএসইকে পাঠানো ব্যাখ্যায় প্রতিষ্ঠানটি জানায়, তাদের নিয়ন্ত্রণের বাইরে উদ্ভূত একাধিক প্রতিকূল পরিস্থিতির কারণে স্বাভাবিক উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হয়নি। ফলে কারখানার সব ধরনের উৎপাদন কার্যক্রম স্থগিত রয়েছে।
কোম্পানির ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর পূর্বঘোষণা ছাড়াই তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়। একই সময়ে ব্যাংকগুলো ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করায় প্রয়োজনীয় কাঁচামাল ও রাসায়নিক আমদানিতে জটিলতা তৈরি হয়। এর পাশাপাশি পর্যায়ক্রমে অধিকাংশ দক্ষ কর্মী প্রতিষ্ঠান ছেড়ে চলে যাওয়ায় উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, বিদ্যমান সংকট কেটে গেলে এবং স্বাভাবিক পরিবেশ ফিরে এলে দ্রুত উৎপাদন পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে কোনো অগ্রগতি হলে তা যথাসময়ে ডিএসইকে জানানো হবে।
তবে কোম্পানির সতর্কবার্তায় বলা হয়েছে, স্বল্প সময়ের মধ্যে উৎপাদন পুনরায় শুরু করা সম্ভব না হলে এর উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম ও সামগ্রিক ব্যবসায়িক অবস্থার ওপর পড়তে পারে।
























