নতুন ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে পণ্য রপ্তানি আয়ে কিছুটা হোঁচট খেয়েছে বাংলাদেশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্যানুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের জুলাইয়ে রপ্তানি আয় কমেছে শূন্য দশমিক ৯০ শতাংশ।
তবে বছরের ব্যবধানে কমলেও, আগের মাস জুনের তুলনায় জুলাইয়ে আয় বেড়েছে ১১ শতাংশের বেশি।
ইপিবির হিসাব অনুযায়ী, সদ্য সমাপ্ত জুলাই মাসে বিশ্ববাজারে বাংলাদেশ মোট ৪.৭২ বিলিয়ন (৪৭২ কোটি) মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। গত বছরের জুলাইয়ে এই আয়ের পরিমাণ ছিল ৪.৭৭ বিলিয়ন (৪৭৭ কোটি) ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রপ্তানি আয় কমেছে প্রায় ১ শতাংশ।
এদিকে, আগের মাস অর্থাৎ জুন মাসের তুলনায় রপ্তানির চিত্রটি কিছুটা ইতিবাচক। জুন মাসে বাংলাদেশ ৪.২০ বিলিয়ন (৪২০ কোটি) ডলারের পণ্য রপ্তানি করেছিল, সেই তুলনায় জুলাইয়ে রপ্তানি বেড়েছে ১১ শতাংশের বেশি।
দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের (আরএমজি) আয়ও জুলাই মাসে নেতিবাচক ধারায় ছিল। ইপিবির পরিসংখ্যান বলছে, তৈরি পোশাক খাতে রপ্তানি আয় গত বছরের তুলনায় ১.৯২ শতাংশ কমেছে। ২০২৫ সালের জুলাই মাসে যেখানে পোশাক খাত থেকে আয় হয়েছিল ৩.৯৬ বিলিয়ন ডলার, সেখানে ২০২৬ সালের জুলাই মাসে তা কমে দাঁড়িয়েছে ৩.৮৯ বিলিয়ন ডলারে।
























