আদ্-দ্বীন হাসপাতালে অক্সিজেন সংকট ও চরম অবহেলার কারণেই ছয় নবজাতকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, হাসপাতালটির লাইসেন্স স্থগিত করা হয়েছে স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে, হাসপাতাল বন্ধ করার জন্য নয়।
রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নবজাতকগুলো যখন জীবন বাঁচানোর জন্য লড়ছিল, তখন হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন ছিল না। তিনি অভিযোগ করেন, চিকিৎসকরা সময়মতো উপস্থিত না থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে এবং অবহেলার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।
মন্ত্রী আরও বলেন, কোভিড-১৯ মহামারির সময় বিভিন্ন হাসপাতালে যেসব দুর্ঘটনা ঘটেছিল, সেগুলোর সঙ্গে আদ্-দ্বীন হাসপাতালের এ ঘটনার পার্থক্য রয়েছে। এখানে চিকিৎসা ব্যবস্থাপনায় গুরুতর অবহেলার প্রমাণ মিলেছে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকাও দেখা যায়নি বলে তিনি দাবি করেন।
লাইসেন্স স্থগিতের সিদ্ধান্তের ব্যাখ্যায় তিনি বলেন, হাসপাতালটি স্থায়ীভাবে বন্ধ করা হয়নি। বরং যারা দায়িত্বে অবহেলা করেছেন, তাদের জবাবদিহির আওতায় আনতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
হাসপাতালের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা নিয়েও সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী জানান, অনুমোদিত ভবনের একটি অংশে বেকারি পরিচালনা এবং বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য জমে থাকায় অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হয়েছে। এসব অনিয়ম দ্রুত সংশোধনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বাজেট প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবারের বাজেটে গরিব মানুষের চিকিৎসা ব্যয় কমাতে ক্যানসার ও কিডনি ডায়ালাইসিসের খরচ হ্রাস এবং জনগণের নিজস্ব চিকিৎসা ব্যয় কমানোর বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের কথাও তুলে ধরেন তিনি।
























