ঢাকা   বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রাহায়ণ ১৪৩৩

সরকারি কাজ নেই, ধস নেমেছে বিবিএস ক্যাবলসের ব্যবসায়

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:৫১, ১৮ নভেম্বর ২০২৬

সর্বশেষ

সরকারি কাজ নেই, ধস নেমেছে বিবিএস ক্যাবলসের ব্যবসায়

একসময় বছরে শতকোটি টাকার বেশি মুনাফা করা শেয়ারবাজারের অন্যতম সম্ভাবনাময় শিল্পপ্রতিষ্ঠান বিবিএস ক্যাবলস এখন বড় ধরনের আর্থিক সংকটে। সরকারি উন্নয়ন প্রকল্প ও বিদ্যুৎ বিভাগের কাজ কমে যাওয়া, বিক্রিতে ধস এবং উৎপাদন ব্যয় বৃদ্ধিতে কোম্পানিটির ব্যবসায় ভয়াবহ অবনতি হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে ১০৮ কোটি টাকা নিট লোকসান করেছে প্রতিষ্ঠানটি। অথচ কয়েক বছর আগেও কোম্পানিটি বছরে ১৪৫ কোটি টাকা পর্যন্ত মুনাফা করেছিল।

কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বিবিএস ক্যাবলসের নিট লোকসান আগের বছরের তুলনায় ২৬ শতাংশ বেড়ে ১০৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। এ সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৮ পয়সা। একই সময়ে কোম্পানিটির বার্ষিক আয় ৫৮ শতাংশ কমে মাত্র ৮৮ কোটি টাকায় নেমে এসেছে।

ব্যবসায়িক অবনতির এই চিত্র আরও ভয়াবহ হয়েছে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে। জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে কোম্পানিটির আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৮৫ শতাংশ কমে দাঁড়িয়েছে মাত্র ৭ কোটি ৬২ লাখ টাকা। অন্যদিকে, নিট লোকসান ৫০ শতাংশ বেড়ে হয়েছে ২৭ কোটি ৩১ লাখ টাকা। এতে শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ১ টাকা ২৯ পয়সা।

একসময় বিবিএস ক্যাবলসের ব্যবসার অন্যতম প্রধান উৎস ছিল বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন প্রকল্প। বিশেষ করে জাতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজে কোম্পানিটির উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল। কিন্তু সরকারি দরপত্র ও উন্নয়ন প্রকল্পের কাজ কমে যাওয়ায় প্রতিষ্ঠানটির ব্যবসার বড় একটি বাজার সংকুচিত হয়েছে।

কোম্পানিটি মূল্য সংবেদনশীল তথ্যে জানিয়েছে, বিক্রি কমে যাওয়া, ব্যাংকঋণের সুদের হার বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার বিনিময় হারের অস্থিরতা এবং কাঁচামালের মূল্যবৃদ্ধি লোকসানের অন্যতম কারণ। পাশাপাশি সরকারি দরপত্র ও উন্নয়ন প্রকল্পের সংখ্যা কমে যাওয়ায় ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে।

তবে বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর সরকারি কাজ ও চুক্তি কমে যাওয়াও কোম্পানিটির ব্যবসায়িক পতনের অন্যতম কারণ হতে পারে।

কোম্পানিটির সাবেক এক কর্মীর দাবি, ২০২৩ সাল পর্যন্ত তৎকালীন রাজনৈতিক যোগাযোগের সুবাদে বিবিএস ক্যাবলস বিদ্যুৎ বিভাগের জাতীয় সঞ্চালন লাইন প্রকল্পে উল্লেখযোগ্য কাজ পেত। কিন্তু পরবর্তী সময়ে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সরকারি কাজের প্রবাহ কমে যাওয়ায় কোম্পানিটির আয়ের প্রধান উৎস সংকুচিত হয়ে পড়ে।

সব মিলিয়ে একসময় মুনাফার দিক থেকে এগিয়ে থাকা বিবিএস ক্যাবলস এখন লোকসান, বিক্রিতে ধস এবং ব্যবসায়িক সংকটে বিপর্যস্ত। যদিও এই পরিস্থিতির মধ্যেও ২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ০.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। তবে বিপুল লোকসানের বিপরীতে এই সামান্য লভ্যাংশ বিনিয়োগকারীদের কতটা স্বস্তি দিতে পারবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

সর্বশেষ