ঢাকা   মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

খান ব্রাদার্সের শেয়ার কারসাজির অর্থপাচার তদন্তে বিকন গ্রুপ, নজরদারিতে এবাদুল-উলফাত করিম

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৪, ৯ নভেম্বর ২০২৬

সর্বশেষ

খান ব্রাদার্সের শেয়ার কারসাজির অর্থপাচার তদন্তে বিকন গ্রুপ, নজরদারিতে এবাদুল-উলফাত করিম

খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার কারসাজিতে ব্যবহৃত অর্থের উৎস ও সম্ভাব্য অর্থপাচারের যোগসূত্র খুঁজতে এবার বিকন গ্রুপের সংশ্লিষ্ট ব্যক্তিদের দিকে নজর দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। অনুসন্ধানের আওতায় এসেছে বিকন গ্রুপের প্রয়াত প্রতিষ্ঠাতা মোহাম্মদ এবাদুল করিম ও তাঁর ছেলে বিকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক উলফাত করিমের নাম। একই সঙ্গে আজাদ হোসেন পাটোয়ারী ও জোহরা বেগমের সংশ্লিষ্টতাও খতিয়ে দেখা হচ্ছে। এর আগে খান ব্রাদার্সের শেয়ার কারসাজির ঘটনায় আজাদ হোসেন পাটোয়ারীকে দুই কোটি টাকা জরিমানা করেছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন অনুসন্ধানে এবার কারসাজির পাশাপাশি এর পেছনে অর্থের জোগান, প্রকৃত সুবিধাভোগী এবং সম্ভাব্য অর্থপাচারের বিষয়টি সামনে এসেছে।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে সন্দেহজনক অর্থের উৎস অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে বিএসইসি। গত ১ নভেম্বর জারি করা অনুসন্ধান আদেশে বিপুল অঙ্কের সন্দেহজনক নগদ অর্থের লেনদেনের উৎস ও সত্যতা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ইনসাইডার ট্রেডিং এবং শেয়ারবাজার কারসাজির সঙ্গে জড়িত কি না, তা-ও খতিয়ে দেখা হবে। এ জন্য তিন সদস্যের তদন্ত কমিটি পুনর্গঠন করেছে কমিশন। কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ আবুল কালাম বলেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে আগেও শেয়ার কারসাজির ঘটনায় তদন্ত হয়েছে, কারও কারও বিরুদ্ধে জরিমানা করা হয়েছে। এখন তাঁরা অর্থ পাচারে জড়িত কি না, সে বিষয়ে তদন্ত হবে।’

নতুন অনুসন্ধানের গুরুত্বপূর্ণ দিক হলো, খান ব্রাদার্সের শেয়ার কারসাজিতে ব্যবহৃত অর্থের প্রকৃত উৎস শনাক্ত করা। কারা এসব লেনদেনের জন্য অর্থের জোগান দিয়েছেন, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ স্থানান্তর হয়েছে এবং শেষ পর্যন্ত কারা এর সুবিধাভোগী হয়েছেন, তা খতিয়ে দেখবে কমিটি।

এর আগে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার কারসাজির ঘটনায় আজাদ হোসেন পাটোয়ারীকে দুই কোটি টাকা জরিমানা করে বিএসইসি। তদন্তে তাঁর একাধিক বিও হিসাব ব্যবহার করে শেয়ার কেনাবেচা, কৃত্রিম লেনদেনের সক্রিয়তা তৈরি এবং বাজারদর প্রভাবিত করার তথ্য উঠে আসে।

একই ঘটনায় মো. নাসির উদ্দিন আকন ও আখতার হোসেনকে মোট ১ কোটি ৮০ লাখ টাকা জরিমানা করে কমিশন।

এই কারসাজির নেপথ্যে বিকন গ্রুপের সংশ্লিষ্টতা নিয়েও আগের অনুসন্ধানে প্রশ্ন উঠেছিল। অভিযোগ রয়েছে, কারসাজির সময় বিকন গ্রুপের সংশ্লিষ্ট ব্যক্তিরা খান ব্রাদার্সের অধিকাংশ শেয়ার নিজেদের নিয়ন্ত্রণে রাখতে অর্থায়ন করেছিলেন। এবার বিএফআইইউর গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পর সেই অর্থের উৎস ও সম্ভাব্য অর্থপাচারের বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

বিকন গ্রুপের প্রতিষ্ঠাতা মোহাম্মদ এবাদুল করিম ইতিমধ্যে মারা গেছেন। তাঁর ছেলে উলফাত করিম বর্তমানে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক। বিএসইসির অনুসন্ধান আদেশের অনুলিপি প্রাপকদের তালিকায় এবাদুল করিম, উলফাত করিম ও জোহরা বেগমের নাম রয়েছে। তবে প্রকাশিত আদেশে তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা অনুসন্ধানের পৃথক পরিধি বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি।

নতুন অনুসন্ধানে বিশেষ গুরুত্ব পাবে আজাদ হোসেন পাটোয়ারীর বিভিন্ন বিও হিসাবের লেনদেনের সঙ্গে বিকন গ্রুপের সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো আর্থিক যোগসূত্র ছিল কি না, তা নির্ধারণ করা। পাশাপাশি সন্দেহজনক নগদ অর্থের উৎস, অর্থ স্থানান্তরের ধরন এবং শেয়ার লেনদেনের সঙ্গে এসব অর্থের সম্পর্কও যাচাই করা হবে।

বিএসইসির পুনর্গঠিত তদন্ত কমিটিতে রয়েছেন অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রাকিবুর রহমান, যুগ্ম পরিচালক মো. শাহনেওয়াজ, এফসিএমএ এবং সহকারী পরিচালক মো. মতিউর রহমান।

উল্লেখ্য, কমিশন গত ২৯ সেপ্টেম্বর জারি করা আগের অনুসন্ধান আদেশ বাতিল করে নতুন কার্যপরিধি অনুযায়ী তদন্তের নির্দেশ দিয়েছে।

সব মিলিয়ে, খান ব্রাদার্সের শেয়ার কারসাজির ঘটনায় শুধু শাস্তি বা জরিমানার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না বিএসইসির অনুসন্ধান। এবার কারসাজির অর্থ কোথা থেকে এসেছে, কারা অর্থায়ন করেছেন এবং এর মাধ্যমে অর্থপাচার হয়েছে কি না, তা বের করার চেষ্টা চলছে। তদন্তে এসব যোগসূত্রের প্রমাণ মিললে শেয়ারবাজারে কারসাজির অর্থায়ন ও সুবিধাভোগীদের বিষয়ে নতুন তথ্য সামনে আসতে পারে। -ঢাকা স্ট্রিট জার্নাল

সর্বশেষ