ঢাকা   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

সূচকে ৪৫ পয়েন্টের পুনরুদ্ধার, তবুও কাটেনি আস্থার সংকট

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:৪২, ১৫ অক্টোবর ২০২৬

সূচকে ৪৫ পয়েন্টের পুনরুদ্ধার, তবুও কাটেনি আস্থার সংকট

দেশের শেয়ারবাজারে টানা দুই দিনের উত্থানে সূচক প্রায় ৪৫ পয়েন্ট পুনরুদ্ধার করেছে। একই সঙ্গে এক দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে ৮৩ কোটি টাকার বেশি। সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতা দেখা দিলেও বিনিয়োগকারীদের মধ্যে এখনো পুরোপুরি আস্থা ফিরেনি। ফলে নতুন করে শেয়ার কেনার ক্ষেত্রে সতর্ক অবস্থানে রয়েছেন তারা। বাজারসংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক উত্থান ধরে রাখতে পারলে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়তে পারে।

তাদের ভাষ্য, দীর্ঘদিনের দরপতনে বাজারের সূচক ও লেনদেন দুর্বল হয়ে পড়েছে। অনেক বিনিয়োগকারীর কেনা শেয়ার এখনো লোকসানে রয়েছে। এ কারণে তারা শেয়ার বিক্রির পাশাপাশি নতুন বিনিয়োগেও সতর্কতা অবলম্বন করছেন। আগামী কয়েক দিন সূচক ও লেনদেনের ধারাবাহিক উন্নতি হলে বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়তে পারে। এতে বাজারে স্থিতিশীলতা ফেরার সম্ভাবনাও তৈরি হবে। তবে এ জন্য দরপতন ঠেকানোর পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে

বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২.৬৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৫২.০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ৫.৫১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৭.৯৫ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ সূচক ৩.৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৬.৫০ পয়েন্টে।

দিনটিতে ডিএসইতে মোট ৩৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪০টির দর বেড়েছে, ৯০টির কমেছে এবং ৫৫টির দর অপরিবর্তিত ছিল। অর্থাৎ, দিনটিতে দরবৃদ্ধির তালিকায় ছিল অধিকাংশ প্রতিষ্ঠান।

এদিন ডিএসইতে মোট ৪৯৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৪১৬ কোটি ১৫ লাখ টাকা। সেই হিসাবে এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ৮৩ কোটি ৫৩ লাখ টাকা।

সিএসইতেও সূচক ও লেনদেনে উত্থান

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার শেয়ার ও ইউনিট মিলিয়ে ২০ কোটি ৫৪ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে বাজারটিতে লেনদেনের পরিমাণ ছিল ৬ কোটি ৫২ লাখ টাকা।

দিনটিতে সিএসইতে মোট ১৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৯টির দর বেড়েছে, ৩৩টির কমেছে এবং ২০টির দর অপরিবর্তিত ছিল।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬০.৯৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৭৬.৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কর্মদিবসে সূচকটি ১৭.৯৩ পয়েন্ট কমেছিল।