তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে বাস্তবমুখী ও ভবিষ্যৎ-উপযোগী দক্ষতা বাড়াতে হাতে-কলমে প্রশিক্ষণ দিয়েছে গ্রামীণফোনের অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম গ্রামীণফোন একাডেমি। এআই বুটক্যাম্পে নির্বাচিত ৮০ জন উদীয়মান উদ্ভাবককে তাঁদের ধারণাকে এআই-চালিত ডিজিটাল সমাধানে রূপান্তরের প্রশিক্ষণ দেওয়া হয়।
গত সোমবার রাজধানীর বসুন্ধরায় গ্রামীণফোনের প্রধান কার্যালয় ‘জিপি হাউস’-এ বুটক্যাম্পের চূড়ান্ত পিচিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সেরা তিনটি উদ্ভাবনী দলকে সম্মাননা দেওয়া হয়। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুটক্যাম্পে অংশগ্রহণকারীদের বাস্তব জীবনের সমস্যা চিহ্নিত করা, এআই-চালিত সমাধান তৈরি এবং সেগুলোকে ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তরের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। প্রশিক্ষণের শেষ ধাপে আয়োজিত পিচিং অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নিজেদের উদ্ভাবনী ধারণা ও তৈরি করা সমাধান উপস্থাপন করেন।
প্রথম হয়েছে ‘ট্রেজেক্টরি’
বুটক্যাম্পে প্রথম স্থান অর্জন করেছে ‘ট্রেজেক্টরি’ নামের একটি প্ল্যাটফর্ম। এআই-চালিত এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীর দক্ষতা ও জীবনবৃত্তান্ত মূল্যায়ন করে তাঁর প্রয়োজন অনুযায়ী ক্যারিয়ার পরামর্শ এবং প্রশিক্ষণের সুপারিশ দেয়।
দ্বিতীয় স্থান অর্জন করেছে ‘মাইজিপি কেয়ার’। এটি একটি এআই-চালিত স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম। অন্যদিকে, দ্বিতীয় রানার্সআপ হয়েছে ‘প্রজেক্ট লাইফলাইন’। প্ল্যাটফর্মটি জরুরি পরিস্থিতিতে ব্যবহারকারীদের নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখতে এবং কার্যকরভাবে সাড়া দিতে সহায়তা করে।
বিজয়ী তিনটি দলের সদস্যরা এক বছরের জন্য বিনা মূল্যে প্রিমিয়াম এআই টুল ব্যবহারের সুযোগ পাবেন। পাশাপাশি তাঁদের উদ্ভাবনী ধারণাগুলোকে বাস্তবসম্মত ও কার্যকর সমাধানে রূপ দিতে বিশেষজ্ঞরা প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।
তরুণদের দক্ষতা উন্নয়নে গুরুত্ব
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, “এআই যেভাবে আমাদের শেখার, কাজ করার এবং নতুন সুযোগ তৈরির ধরন বদলে দিচ্ছে, তাতে এই রূপান্তরে অংশ নেওয়ার জন্য তরুণদের প্রয়োজনীয় দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামীণফোন একাডেমির মাধ্যমে আমাদের উদ্দেশ্য শুধু শেখার সুযোগ তৈরি করা নয়; বরং তরুণেরা যেন তাঁদের জ্ঞান প্রয়োগ, বাস্তব জীবনের সমস্যা সমাধান এবং অর্থবহ পদক্ষেপ নেওয়ার সুযোগ পান, তা নিশ্চিত করা।”
অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অটো মাগনে রিসব্যাক, চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার আন্দ্রেয়াস হগবার্গ এবং হেড অব এনভায়রনমেন্ট, সোশ্যাল অ্যান্ড গভর্ন্যান্স (ইএসজি) ফারহানা ইসলামসহ গ্রামীণফোন একাডেমির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
























