সারাদেশের সব শাখা ও এটিএম বুথ থেকে আগামী ১৫ অক্টোবর থেকে চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলন করতে পারবেন ন্যাশনাল ব্যাংকের গ্রাহকেরা। ওইদিন থেকে কাউন্টার সেবা, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিংসহ ব্যাংকের সব ধরনের ডিজিটাল ও অনলাইন সেবা পূর্ণমাত্রায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এর আগে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক মেলিতা মেহজাবিন এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাহিদুল হক। ওই বৈঠকে বাংলাদেশ ব্যাংকের চার ডেপুটি গভর্নর—ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহমদ, মো. সরওয়ার হোসেন ও মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে গভর্নর আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাংকিং খাতের ওপর জন-আস্থা অটুট রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকা তোলার সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনার পরপরই দুপুরে পরিচালনা পর্ষদের সভায় ১৫ অক্টোবর থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালুর সিদ্ধান্ত দেয় ব্যাংকের পর্ষদ।
বৈঠকে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক মেলিতা মেহজাবিন গভর্নরকে জানান, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক নানামুখী পদক্ষেপের ফলে ব্যাংকে সুশাসন ফিরে এসেছে। দক্ষতা বাড়াতে পরিচালনা ও ঊর্ধ্বতন ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সার্বিক সহযোগিতা ও পর্ষদের সমন্বিত প্রচেষ্টায় ব্যাংকটি আবারও পূর্ণ শক্তিতে সেবায় ফিরছে।
চেয়ারম্যান আরও বলেন, "দীর্ঘ সময় ধরে যেসব গ্রাহক ধৈর্য ধরে পাশে ছিলেন, তাঁদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। খেলাপি ঋণ আদায়ে আমরা কঠোর অবস্থানে ছিলাম এবং ভবিষ্যতেও কোনো খেলাপিকে ছাড় দেওয়া হবে না। সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে আমরা গ্রাহকের আস্থা শতভাগ ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।"
ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক জানিয়েছেন, ১৫ অক্টোবর থেকে যেন গ্রাহকেরা নির্বিঘ্নে সব সেবা পেতে পারেন, সে লক্ষ্যে দেশের প্রতিটি শাখা ও এটিএম বুথে প্রয়োজনীয় প্রস্তুতি জোরদার করা হচ্ছে।
























