ঢাকা   বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

সিএসই৫০ সূচকে বড় রদবদল, বাদ ৭ ব্যাংক; যুক্ত হলো নতুন ৭ কোম্পানি

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:০৩, ১ অক্টোবর ২০২৬

সর্বশেষ

সিএসই৫০ সূচকে বড় রদবদল, বাদ ৭ ব্যাংক; যুক্ত হলো নতুন ৭ কোম্পানি

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বেঞ্চমার্ক সূচক ‘সিএসই৫০’-এ বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। অর্ধবার্ষিক পর্যালোচনার অংশ হিসেবে এবার সূচক থেকে সাতটি তালিকাভুক্ত ব্যাংক বাদ পড়েছে। একই সঙ্গে বিভিন্ন খাতের সাতটি কোম্পানিকে নতুন করে সূচকটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। পুনর্গঠিত সূচকটি আগামী ১১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হবে।

সিএসই কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, সূচক থেকে বাদ পড়া সাত ব্যাংক হলো—আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, মারকেন্টাইল ব্যাংক, ওয়ান ব্যাংক, দ্য প্রিমিয়ার ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।

অন্যদিকে বাদ পড়া প্রতিষ্ঠানগুলোর জায়গায় সিএসই৫০ সূচকে নতুন করে যুক্ত হয়েছে বিএসআরএম স্টিলস, বার্জার পেইন্টস, ঢাকা ব্যাংক, ফাইন ফুডস, হাইডেলবার্গ মেটেরিয়ালস, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম এবং দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস।

সিএসই৫০ সূচক বছরে দুইবার—জুন ও ডিসেম্বর মেয়াদে—পর্যালোচনা করা হয়। বিগত ছয় মাসের লেনদেন, বাজারে সক্রিয়তা ও বিভিন্ন পারফরম্যান্স সূচকের ভিত্তিতে এর উপাদান কোম্পানিগুলো পুনর্নির্ধারণ করা হয়।

কর্পোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড এবং ‘জেড’ ক্যাটাগরির শেয়ার বিবেচনার বাইরে রেখে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে তুলনামূলকভাবে সক্রিয় ও বেশি লেনদেনযোগ্য ৫০টি শেয়ার নিয়ে গঠিত হয় সিএসই৫০। পুঁজিবাজারের সামগ্রিক গতিপ্রকৃতি বোঝার ক্ষেত্রে সূচকটি একটি গুরুত্বপূর্ণ বেঞ্চমার্ক হিসেবে ব্যবহৃত হয়।

সিএসইর তথ্য অনুযায়ী, ৩০ জুন ২০২৬ পর্যন্ত হিসাব অনুযায়ী নতুনভাবে পুনর্গঠিত সূচকের ৫০টি কোম্পানি এক্সচেঞ্জে তালিকাভুক্ত সব শেয়ারের মোট বাজার মূলধনের প্রায় ৭৬ দশমিক ৪০ শতাংশ প্রতিনিধিত্ব করছে। একই সময়ে ফ্রি-ফ্লোট বাজার মূলধনের প্রায় ৭২ দশমিক ৫৭ শতাংশও এসব কোম্পানির দখলে রয়েছে।

এছাড়া ২০২৬ সালের জুনে শেষ হওয়া ছয় মাসে সিএসইতে হওয়া মোট গড় দৈনিক লেনদেনের ৫৩ দশমিক ৭২ শতাংশ এসেছে সিএসই৫০ সূচকের অন্তর্ভুক্ত ৫০টি কোম্পানি থেকে।

নতুন রদবদলের পরও সূচকে দেশের বড় ও বহুল লেনদেন হওয়া বেশ কয়েকটি কোম্পানি নিজেদের অবস্থান ধরে রেখেছে। এর মধ্যে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, রবি আজিয়াটা, ম্যারিকো বাংলাদেশ, লাফার্জহোলসিম বাংলাদেশ, বিএসআরএম লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ।

ব্যাংক খাতে সাতটি প্রতিষ্ঠান বাদ পড়লেও কয়েকটি বড় ব্যাংক সূচকে নিজেদের অবস্থান ধরে রেখেছে। এর মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, প্রাইম ব্যাংক এবং পূবালী ব্যাংক।

সিএসই৫০ সূচকের এই পুনর্বিন্যাসে ব্যাংক খাতের প্রতিনিধিত্বে পরিবর্তনের পাশাপাশি শিল্প, ভোগ্যপণ্য, খাদ্য, নির্মাণসামগ্রী ও ওষুধ খাতের কয়েকটি কোম্পানির উপস্থিতি বেড়েছে। ফলে নতুন কাঠামোয় সূচকের খাতভিত্তিক প্রতিনিধিত্বেও পরিবর্তন এসেছে।

সর্বশেষ