ঢাকা   বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

৫ ব্যাংকের ৩৫০০ কোটি টাকার বন্ডে বিএসইসির অনুমোদন

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:৩৯, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

৫ ব্যাংকের ৩৫০০ কোটি টাকার বন্ডে বিএসইসির অনুমোদন

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১ হাজার ৩১তম কমিশন সভায় পাঁচটি ব্যাংকের মোট ৩ হাজার ৫০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের বন্ড অনুমোদন দেওয়া হয়েছে। একই সভায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির প্রস্তাবিত ৯ সদস্যের পরিচালনা পর্ষদ গঠনের বিষয়েও অনাপত্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিএসইসির সভাকক্ষে অনুষ্ঠিত কমিশন সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান। সভায় ওয়ান ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এবং ব্যাংক এশিয়ার বন্ড প্রস্তাব অনুমোদন করা হয়।

ওয়ান ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড

ওয়ান ব্যাংক পিএলসির ৪০০ কোটি টাকা মূল্যের আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুলি রিডিমেবল, ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ড-৬ অনুমোদন পেয়েছে। বন্ডটির কুপন রেট হবে রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ যোগ করে।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু হতে যাওয়া বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ লাখ টাকা। এর মাধ্যমে ব্যাংকটির টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। বন্ডটির ট্রাস্টি হিসেবে থাকবে গ্রিন ডেল্টা ক্যাপিটাল এবং ইস্যু ম্যানেজার হিসেবে থাকবে ইউসিবি ইনভেস্টমেন্ট।

সাউথইস্ট ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড

সাউথইস্ট ব্যাংকের ৮০০ কোটি টাকা মূল্যের ৭ বছর মেয়াদি ফুলি রিডিমেবল, নন-কনভার্টিবল, আনসিকিউরড, ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ডের ষষ্ঠ ইস্যুও অনুমোদন করেছে বিএসইসি।

এ বন্ডের কুপন রেট হবে রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ যোগ করে এবং প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ লাখ টাকা। ট্রাস্টি হিসেবে থাকবে ডিবিএইচ ফাইন্যান্স এবং ইস্যু ম্যানেজার হবে ইউসিবি ইনভেস্টমেন্ট।

ব্র্যাক ব্যাংকের ১০০০ কোটি টাকার গ্রিন বন্ড

ব্র্যাক ব্যাংকের ১ হাজার কোটি টাকা মূল্যের ৩ বছর মেয়াদি আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুলি রিডিমেবল জিরো-কুপন গ্রিন বন্ডের প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

বন্ডটির সম্ভাব্য ডিসকাউন্ট রেট ৮ দশমিক ৫ শতাংশ এবং প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। সংগৃহীত অর্থ যোগ্য গ্রাহকদের কম খরচে সবুজ অর্থায়ন সুবিধা দিতে ব্যবহার করা হবে। এর ট্রাস্টি হবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট এবং ইস্যু ম্যানেজার হিসেবে থাকবে আইডিএলসি ইনভেস্টমেন্টস।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকা মূল্যের ৭ বছর মেয়াদি আনসিকিউরড, নন-কনভার্টিবল, রিডিমেবল, ফ্লোটিং রেট এআইবিপিএলসি ৫ম সাবঅর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে কমিশন।

এ বন্ডের কুপন রেট হবে রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ যোগ করে। প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ লাখ টাকা। এর ট্রাস্টি হিসেবে থাকবে ডিবিএইচ ফাইন্যান্স এবং ইস্যু ম্যানেজার হবে ইউসিবি ইনভেস্টমেন্ট।

ব্যাংক এশিয়ার ৮০০ কোটি টাকার টেকসই বন্ড

ব্যাংক এশিয়ার ৮০০ কোটি টাকা মূল্যের ৭ বছর মেয়াদি আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুলি রিডিমেবল, ফ্লোটিং রেট অ্যান্ড সাসটেইনেবল সাবঅর্ডিনেটেড বন্ডের প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

বন্ডটির কুপন রেট হবে রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ যোগ করে এবং প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। সংগৃহীত অর্থ যোগ্য সবুজ ও টেকসই প্রকল্পে অর্থায়ন এবং পুনঃঅর্থায়নে ব্যবহার করা হবে। এর ট্রাস্টি হবে ডিবিএইচ ফাইন্যান্স এবং ইস্যু ম্যানেজার হিসেবে থাকবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট।

বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচটি বন্ডই প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ও উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। পাশাপাশি প্রতিটি বন্ড ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মেইন বোর্ডে তালিকাভুক্ত করার কথা রয়েছে।

বেক্সিমকো ফার্মার ৯ সদস্যের বোর্ডে অনাপত্তি

এদিকে একই কমিশন সভায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির প্রস্তাবিত ৯ সদস্যের পরিচালনা পর্ষদ গঠনের বিষয়েও অনাপত্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিএসইসি জানিয়েছে, আদালতের মৌখিক নির্দেশনা এবং বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রস্তাবিত বোর্ডে উদ্যোক্তাদের পক্ষ থেকে তিনজন পরিচালক থাকবেন। তারা হলেন এএসএফ রহমান, ওসমান কায়সার চৌধুরী ও ইকবাল আহমেদ। এর বাইরে নতুন নিয়োগ পাওয়া একজন ব্যবস্থাপনা পরিচালক, আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে একজন পরিচালক এবং চারজন স্বতন্ত্র পরিচালক থাকবেন।

চার স্বতন্ত্র পরিচালকের মধ্যে তিনজন নতুন করে নিয়োগ পাবেন। পাশাপাশি একজন নারী স্বতন্ত্র পরিচালক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা কর্পোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে জানিয়েছে কমিশন।

তবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চলমান মামলার বিষয়টিও এ সিদ্ধান্তের সঙ্গে যুক্ত রয়েছে। বিএসইসি জানিয়েছে, কোম্পানিটি মামলা প্রত্যাহার করলে কমিশন ২০২৪ সালের ৩১ ডিসেম্বর এবং ২০২৬ সালের ১৫ জানুয়ারি জারি করা সংশ্লিষ্ট দুটি আগের আদেশ প্রত্যাহার করবে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিশন সভার এসব সিদ্ধান্তের তথ্য জানান।

সর্বশেষ