ঢাকা   মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

জুলাই-পরবর্তী অনিশ্চয়তায় শেয়ারবাজার: গবেষণা

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:৫০, ৪ আগস্ট ২০২৬

সর্বশেষ

জুলাই-পরবর্তী অনিশ্চয়তায় শেয়ারবাজার: গবেষণা

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের শেয়ারবাজারে নতুন করে বড় ধরনের পতন সৃষ্টি করেনি। তবে অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীদের আস্থা দ্রুত ফিরে না আসায় শেয়ারবাজারের সম্ভাব্য পুনরুদ্ধার বিলম্বিত হয়েছে বলে এক গবেষণায় উঠে এসেছে।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির আয়োজিত এক সেমিনারে গবেষণাটি উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের বার্ড কলেজের সহযোগী অধ্যাপক অনিরুদ্ধ মিত্র। লুকা ভিভাস নিকোনোরভের সঙ্গে যৌথভাবে এ গবেষণা পরিচালনা করেন তিনি।

গবেষণার মূল উদ্দেশ্য ছিল ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের পুঁজিবাজারে কী ধরনের প্রভাব ফেলেছে, তা বিশ্লেষণ করা। এ জন্য বৈশ্বিক শেয়ারবাজার বিশ্লেষণ সূচক এমএসসিআই (MSCI) ব্যবহার করে দেশের বড় ও মাঝারি মূলধনি কোম্পানিগুলোর শেয়ারমূল্যের গতিপ্রকৃতি মূল্যায়ন করা হয়। পাশাপাশি ‘অগমেন্টেড সিনথেটিক কন্ট্রোল’ পদ্ধতির মাধ্যমে এমন একটি কাল্পনিক পরিস্থিতির সঙ্গে তুলনা করা হয়, যেখানে ধরে নেওয়া হয়েছে যে জুলাই অভ্যুত্থান ঘটেনি।

গবেষণায় দেখা যায়, বাংলাদেশের আর্থিক খাত ও শেয়ারবাজারের দুর্বলতা জুলাই অভ্যুত্থানের অনেক আগেই শুরু হয়েছিল। ২০২১ সালের শেষ দিকে করোনা-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার থমকে যায়। পরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে জ্বালানির মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় বৃদ্ধি, উৎপাদন খরচ বৃদ্ধি, রপ্তানিতে চাপ এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব আরও গভীর হয়।

গবেষক অনিরুদ্ধ মিত্র বলেন, গবেষণায় এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে জুলাই অভ্যুত্থান শেয়ারবাজারের নিম্নমুখী প্রবণতাকে আরও তীব্র করেছে। তবে অভ্যুত্থানের পর নীতিগত ও প্রাতিষ্ঠানিক অনিশ্চয়তার কারণে অর্থনীতির স্বাভাবিক সমন্বয় প্রক্রিয়া ধীর হয়ে যায়। ফলে যে পুনরুদ্ধারের সম্ভাবনা ছিল, তা বিলম্বিত হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্লেষণ অনুযায়ী জুলাই অভ্যুত্থান না ঘটলে ২০২৪ সালের পর বাংলাদেশের শেয়ারবাজার ধীরে ধীরে পুনরুদ্ধারের পথে যেতে পারত। যদিও গবেষণাটি ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে করা হয়েছে এবং পরবর্তী সময়ে বাজার সূচকে কিছুটা উন্নতি লক্ষ্য করা গেছে।

সেমিনারে অংশ নেওয়া আলোচকেরা বলেন, বাংলাদেশের শেয়ারবাজারে পরিসংখ্যানগত সূচকের সঙ্গে বাস্তব বাজার পরিস্থিতির অনেক সময় মিল পাওয়া যায় না। কারণ, বাজারে অল্পসংখ্যক প্রভাবশালী বিনিয়োগকারী ও গোষ্ঠীর কর্মকাণ্ড প্রায়ই বাজারের স্বাভাবিক গতিপ্রকৃতিকে প্রভাবিত করে।

গবেষণায় আন্তর্জাতিক অভিজ্ঞতারও তুলনা তুলে ধরা হয়। পাকিস্তান, তিউনিসিয়া, মিসর ও আরব বসন্তের সময় রাজনৈতিক অস্থিরতার পর সংশ্লিষ্ট দেশগুলোর শেয়ারবাজারে তাৎক্ষণিক বড় ধরনের নেতিবাচক প্রভাব দেখা গেলেও বাংলাদেশের ক্ষেত্রে এমন কোনো তাৎক্ষণিক ধসের প্রমাণ পাওয়া যায়নি। বরং আগে থেকেই চলমান নিম্নমুখী প্রবণতাই অব্যাহত ছিল বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ