চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পিএলসির পরিচালনা পর্ষদ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান এবং কমিশনারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
মঙ্গলবার (৩০ জুন) কমিশন ভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে সিএসই চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমানের নেতৃত্বে পরিচালনা পর্ষদের সদস্যরা অংশ নেন। এ সময় বিএসইসির কমিশনার তানভীর হাবিব রহমান (সিপিএ), নাহিদ মাহতাব এবং মো. নাফিজ আল তারিক উপস্থিত ছিলেন।
বৈঠকে সিএসইর চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হয়। বিশেষ করে, দেশে প্রথমবারের মতো কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ প্রতিষ্ঠার অগ্রগতি, এ-সংক্রান্ত সর্বশেষ অবস্থা এবং বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ ছাড়া বর্তমানে স্থবির হয়ে থাকা বিভিন্ন কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে কমিশনের সহযোগিতা কামনা করে সিএসই। জবাবে বিএসইসির চেয়ারম্যান ও কমিশনাররা বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ ও কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে সিএসইর পরিচালক প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, ড. মাহমুদ হাসান, এম. জুলফিকার হোসেন, মেজর (অব.) এমদাদুল ইসলাম, শাহজাদা মাহমুদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার (এফসিএ, এফসিএমএ) এবং বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম উপস্থিত ছিলেন।
























