২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে শেয়ারবাজারের উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ জোরদারে নেওয়া বিভিন্ন উদ্যোগকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। একই সঙ্গে এসব সময়োপযোগী ও দূরদর্শী পদক্ষেপ গ্রহণের জন্য সরকার ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে সংগঠনটি।
বুধবার (১ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএমবিএ জানায়, বাজেটে অন্তর্ভুক্ত শেয়ারবাজারমুখী পদক্ষেপগুলো বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নতুন বিনিয়োগ আকৃষ্ট করা, বাজারের গভীরতা ও স্থিতিশীলতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করতে এসব উদ্যোগ কার্যকর হবে বলে সংগঠনটির বিশ্বাস।
বিএমবিএর মতে, বাজেটে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও)-এর জন্য সম্প্রসারিত কর সুবিধা, জিরো-কুপন বন্ডে কর অবকাশ, ডিভিডেন্ড সংক্রান্ত কর সুবিধা, ব্যাংকিং খাতের প্রণোদনা এবং মিউচুয়াল ফান্ডের কর কাঠামোর যৌক্তিক সমন্বয়—এসব পদক্ষেপ দেশের পুঁজিবাজারের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংগঠনটি আরও জানায়, ভবিষ্যতেও দেশের শেয়ারবাজারকে আধুনিক, টেকসই ও বিনিয়োগবান্ধব করে গড়ে তুলতে সরকারের চলমান সংস্কার কার্যক্রমে সব অংশীজনের সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে যাবে বিএমবিএ। তাদের মতে, বাজেটের এসব উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়িত হলে দেশের পুঁজিবাজারে আস্থা ও গতিশীলতা আরও বাড়বে।
























