শেয়ারবাজারে তালিকাভুক্ত ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড-এর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) পরিচালনা পর্ষদ সুপারিশকৃত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদন পেয়েছে।
ডিবিএইচ ফাইন্যান্স
২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য পরিচালনা পর্ষদ সুপারিশকৃত ১৫ শতাংশ নগদ লভ্যাংশ সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত কোম্পানিটির ৩০তম বার্ষিক সাধারণ সভায় অনুমোদিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান সৈয়দ মঈন উদ্দিন আহমেদ। এ সময় ভাইস চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল বাতেন, কোম্পানি সচিব এবং শেয়ারহোল্ডাররা অংশ নেন।
সভায় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নাসিমুল বাতেন জানান, বর্তমানে ডিবিএইচ ফাইন্যান্সের খেলাপি ঋণের হার মোট ঋণের মাত্র ০.৮৪ শতাংশ, যা দেশের আর্থিক খাতের অন্যতম সর্বনিম্ন। তিনি আরও বলেন, এই ধারাবাহিক সাফল্যের ফলে প্রতিষ্ঠানটি টানা ২১ বছর সর্বোচ্চ 'ট্রিপল এ (AAA)' ক্রেডিট রেটিং ধরে রাখতে সক্ষম হয়েছে।
চেয়ারম্যান সৈয়দ মঈন উদ্দিন আহমেদ বলেন, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও কোম্পানির আয় ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রয়েছে। তিনি জানান, প্রতিষ্ঠার পর থেকে ডিবিএইচ ফাইন্যান্স ৬২ হাজার ৮৬৯টি পরিবারের আবাসনের স্বপ্ন বাস্তবায়নে অর্থায়ন করেছে।
বাটা সু কোম্পানি
অন্যদিকে, ২০২৫ অর্থবছরের জন্য বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড-এর পরিচালনা পর্ষদ প্রস্তাবিত ২৪৮ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদন পেয়েছে। মঙ্গলবার (৩০ জুন) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত কোম্পানিটির ৫৪তম বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত অনুমোদিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান শৈবাল সিনহা। অনুমোদিত ২৪৮ শতাংশ নগদ লভ্যাংশের মধ্যে ১৪৩ শতাংশ অন্তর্বর্তী (ইন্টারিম) নগদ লভ্যাংশ ইতোমধ্যে শেয়ারহোল্ডারদের পরিশোধ করা হয়েছে। বাকি ১০৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ এজিএমে অনুমোদন পেয়েছে।
সভায় ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া ইয়াসমিন, পরিচালনা পর্ষদের সদস্য, স্বতন্ত্র পরিচালক, অর্থ পরিচালক ও কোম্পানি সচিবসহ শেয়ারহোল্ডাররা অংশ নেন। সভা শেষে চেয়ারম্যান শৈবাল সিনহা কোম্পানির শেয়ারহোল্ডার, গ্রাহক, সরবরাহকারী, কর্মকর্তা-কর্মচারী এবং সরকারের প্রতি ধারাবাহিক সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।























