ঢাকা   বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

মুনাফা হলেও ডিভিডেন্ড নেই, ১০ ব্যাংকের সিদ্ধান্তে হতাশ বিনিয়োগকারীরা

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:৪০, ১ জুলাই ২০২৬

সর্বশেষ

মুনাফা হলেও ডিভিডেন্ড নেই, ১০ ব্যাংকের সিদ্ধান্তে হতাশ বিনিয়োগকারীরা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০টি ব্যাংক ২০২৫ অর্থবছরে মুনাফা অর্জন করলেও শেয়ারহোল্ডারদের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। এতে লভ্যাংশ প্রত্যাশী বিনিয়োগকারীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও সংশ্লিষ্ট ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিভিডেন্ড ঘোষণা না করা ব্যাংকগুলো হলো— আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, মার্কেন্টাইল ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, রূপালী ব্যাংক, এসবিএসি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ২০২৫ অর্থবছরে শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) করেছে ৭৪ পয়সা, যা আগের বছরের ৬৬ পয়সার তুলনায় বেশি। একই সময়ে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বেড়ে ১৯ টাকা ৫৪ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ১৬ পয়সা। তবুও ব্যাংকটি কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।

ইসলামী ব্যাংক বাংলাদেশ-এর সমন্বিত ইপিএস বেড়ে হয়েছে ৮৫ পয়সা, যা আগের বছর ছিল ৬৮ পয়সা। এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৪ টাকা ৫২ পয়সা। এরপরও শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করা হয়নি।

মার্কেন্টাইল ব্যাংক-এর ইপিএস ৫৮ পয়সা থেকে বেড়ে ১ টাকা ১০ পয়সায় উন্নীত হয়েছে। আগের বছরের নেতিবাচক নগদ প্রবাহ ইতিবাচক অবস্থানে ফিরলেও ব্যাংকটি ডিভিডেন্ড দেয়নি।

এনআরবি ব্যাংক ২০ পয়সা ইপিএস এবং ১২ টাকা ৮৯ পয়সা এনএভিপিএস অর্জন করেও ডিভিডেন্ড ঘোষণা থেকে বিরত রয়েছে।

এনআরবিসি ব্যাংক-এর ইপিএস ৮ পয়সা থেকে বেড়ে ১৬ পয়সা হয়েছে। নগদ প্রবাহ ও নিট সম্পদ মূল্যেও উন্নতি হলেও ব্যাংকটি লভ্যাংশ ঘোষণা করেনি।

ওয়ান ব্যাংক মুনাফায় থাকলেও ইপিএস কমে ২৮ পয়সায় নেমে এসেছে। পাশাপাশি নগদ প্রবাহও কমেছে। ব্যাংকটি এ বছরও ডিভিডেন্ড দেয়নি।

রূপালী ব্যাংক ১৪ পয়সা ইপিএস অর্জন করেছে। পরিচালন নগদ প্রবাহ উল্লেখযোগ্যভাবে উন্নত হলেও ব্যাংকটির পরিচালনা পর্ষদ কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।

এসবিএসি ব্যাংক-এর ইপিএস ১ পয়সায় নেমে এলেও প্রতিষ্ঠানটি লাভে ছিল। তবুও শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করা হয়নি।

স্ট্যান্ডার্ড ব্যাংক ৭২ পয়সা ইপিএস এবং উন্নত নগদ প্রবাহ অর্জন করলেও ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)-এর ইপিএস ৫ পয়সা থেকে বেড়ে ১৫ পয়সা হয়েছে। নেতিবাচক নগদ প্রবাহ থেকে ইতিবাচক অবস্থায় ফিরলেও ব্যাংকটি কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।

একদিকে কয়েকটি ব্যাংক ডিভিডেন্ড বাড়িয়ে বিনিয়োগকারীদের স্বস্তি দিলেও, অন্যদিকে লাভ করার পরও ১০টি ব্যাংকের ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত বাজারে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিশেষ করে আয় ও আর্থিক সূচকে উন্নতি থাকা সত্ত্বেও লভ্যাংশ না পাওয়ায় ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

সর্বশেষ