ঢাকা   বুধবার ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

কর ছাড় ও ইতিবাচক উদ্যোগের প্রভাবে সূচক ও লেনদেনে রেকর্ড

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২১:৪৫, ৩০ জুন ২০২৬

সর্বশেষ

কর ছাড় ও ইতিবাচক উদ্যোগের প্রভাবে সূচক ও লেনদেনে রেকর্ড

কর ছাড়সহ সরকারের ধারাবাহিক ইতিবাচক উদ্যোগে দেশের শেয়ারবাজারে ফিরছে আস্থার বার্তা। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩০ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন—উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক পৌঁছেছে গত ২১ মাসের সর্বোচ্চ অবস্থানে, আর লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে ২২ মাসের সর্বোচ্চ পর্যায়ে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দামও বেড়েছে।

বাজারসংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক কর ছাড়ের উদ্যোগ, পুঁজিবাজারকেন্দ্রিক সংস্কার কার্যক্রম এবং দীর্ঘমেয়াদি অর্থায়নের অন্যতম উৎস হিসেবে পুঁজিবাজারকে শক্তিশালী করার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ইতিবাচক অবস্থান বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে। তাদের আশা, এ ধরনের নীতিগত সহায়তা অব্যাহত থাকলে বাজার আরও স্থিতিশীল ও গতিশীল হবে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪০ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৬২ দশমিক ৮৩ পয়েন্টে পৌঁছেছে, যা গত ২১ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থান। এর আগে ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর সূচক ছিল ৫ হাজার ৭৭৭ দশমিক ৯২ পয়েন্ট।

অন্য দুটি সূচকের মধ্যে ডিএসইএস ১১ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৮ দশমিক ১২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭৮ দশমিক ৩৮ পয়েন্টে অবস্থান করেছে।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪৯টির দর বেড়েছে, ৯৪টির দর কমেছে এবং ৫৪টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের পরিমাণও এদিন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ডিএসইতে মোট ১ হাজার ৫৭৩ কোটি ৬৫ লাখ টাকা মূল্যের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা সাড়ে ২২ মাসের মধ্যে সর্বোচ্চ। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৩৫১ কোটি ৫১ লাখ টাকা। অর্থাৎ, একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ২২২ কোটি ১৪ লাখ টাকা

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার ৪১ কোটি ১৩ লাখ টাকা মূল্যের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ৩৪ কোটি ২৯ লাখ টাকা থেকে উল্লেখযোগ্য বেশি।

সিএসইতে মোট ২৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫১টির দর বেড়েছে, ৬৯টির দর কমেছে এবং ৪১টির দর অপরিবর্তিত ছিল।

এদিকে, সিএসইর সিএএসপিআই সূচক ৯৮ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪৫০ দশমিক ১৭ পয়েন্টে উন্নীত হয়েছে, যা দিনশেষে বাজারের সামগ্রিক ইতিবাচক প্রবণতারই প্রতিফলন।

সর্বশেষ