ঢাকা   বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

লভ্যাংশে ভাটা, ২০২৫ সালে ৪ ব্যাংকের ডিভিডেন্ড কমেছে

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:২৩, ১ জুলাই ২০২৬

সর্বশেষ

লভ্যাংশে ভাটা, ২০২৫ সালে ৪ ব্যাংকের ডিভিডেন্ড কমেছে

৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে ৩০টি ব্যাংক ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে আগের বছরের তুলনায় ৪টি ব্যাংকের ডিভিডেন্ড কমেছে। একই সময়ে ৯টি ব্যাংক ডিভিডেন্ড বৃদ্ধি করেছে, ৩টির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে এবং ১৪টি ব্যাংক কোনো ধরনের ডিভিডেন্ড ঘোষণা করতে পারেনি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

যেসব ব্যাংকের ডিভিডেন্ড কমেছে সেগুলো হলো— ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, ট্রাস্ট ব্যাংক এবং উত্তরা ব্যাংক।

ব্যাংক এশিয়া ২০২৫ অর্থবছরের জন্য ৮ দশমিক ৫০ শতাংশ নগদ ও ৮ দশমিক ৫০ শতাংশ স্টক মিলিয়ে মোট ১৭ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ব্যাংকটি মোট ২০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। ফলে এবার ডিভিডেন্ড কমেছে ৩ শতাংশ।

ইস্টার্ন ব্যাংক ২৫ শতাংশ নগদ ও ৩ শতাংশ স্টকসহ মোট ২৮ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০২৪ অর্থবছরে ব্যাংকটি মোট ৩৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। ফলে ডিভিডেন্ড কমেছে ৭ শতাংশ, যা চার ব্যাংকের মধ্যে সর্বোচ্চ হ্রাস।

ট্রাস্ট ব্যাংক ৮ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১৩ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর মোট ১৫ শতাংশ ডিভিডেন্ড দেওয়ায় এবার লভ্যাংশ কমেছে ২ শতাংশ।

উত্তরা ব্যাংক ৫ শতাংশ নগদ ও ২৫ শতাংশ স্টক মিলিয়ে মোট ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ব্যাংকটি মোট ৩৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। ফলে চলতি বছরে ডিভিডেন্ড কমেছে ৫ শতাংশ।

বাজারসংশ্লিষ্টদের মতে, কয়েকটি ব্যাংকের মুনাফা ও মূলধন সংরক্ষণের কৌশলগত সিদ্ধান্তের প্রভাব ডিভিডেন্ডে প্রতিফলিত হয়েছে। যদিও অধিকাংশ ব্যাংক ডিভিডেন্ড ঘোষণা করেছে, তবুও চারটি ব্যাংকের লভ্যাংশ কমে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিতে পারে।

সর্বশেষ