ঢাকা   রোববার ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

ডিবিএর উদ্যোগে লন্ডন স্টক এক্সচেঞ্জে আবারও চালু বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেন

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১২:৫৯, ২৭ জুন ২০২৬

ডিবিএর উদ্যোগে লন্ডন স্টক এক্সচেঞ্জে আবারও চালু বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেন

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) মধ্যস্থতায় লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির গ্লোবাল ডিপোজিটরি রসিদ (জিডিআর)-এর ওপর আরোপিত লেনদেন স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে ২৬ জুন থেকে কোম্পানিটির জিডিআরের লেনদেন পুনরায় শুরু হয়েছে।

উল্লেখ্য, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি বাংলাদেশের একমাত্র কোম্পানি, যা ২০০৪ সালে লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং পরবর্তী আর্থিক বিবরণী নির্ধারিত সময়ে প্রকাশ করতে না পারায় গত ২ জানুয়ারি থেকে কোম্পানিটির জিডিআরের লেনদেন স্থগিত ছিল।

লন্ডন স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্তি বিধিমালা অনুযায়ী, কোনো শেয়ার বা সিকিউরিটিজ টানা ছয় মাস স্থগিত থাকলে এবং স্থগিতাদেশের কারণ দূর না হলে তার তালিকাভুক্তি বাতিল হতে পারে। সে অনুযায়ী আগামী ২ জুলাই ছিল নির্ধারিত সময়সীমার শেষ দিন।

এ পরিস্থিতিতে বিদেশি প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত বিনিয়োগকারীরা কোম্পানিটির জিডিআরের তালিকাভুক্তি বাতিল ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের কাছে আবেদন করেন এবং ডিবিএর সহযোগিতা কামনা করেন।

বিষয়টির গুরুত্ব বিবেচনায় ডিবিএর সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে সংগঠনটি দ্রুত বিএসইসি এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বিনিয়োগকারীদের স্বার্থে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ জানায়।

ডিবিএর উদ্যোগের পরিপ্রেক্ষিতে বিএসইসি কোম্পানির পরিচালনা পর্ষদকে বিশেষ বোর্ড সভা আয়োজনের অনুমতি দেয়। এর মাধ্যমে ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিক, নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী এবং ২০২৫-২৬ অর্থবছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা সম্ভব হয়।

ফলে কোম্পানির প্রতিবেদন প্রকাশ-সংক্রান্ত সব ঘাটতি দূর হয় এবং লন্ডন স্টক এক্সচেঞ্জ লেনদেন স্থগিতাদেশ প্রত্যাহার করে ২৬ জুন থেকে জিডিআরের লেনদেন পুনরায় চালুর অনুমোদন দেয়।

ডিবিএর মতে, এ সিদ্ধান্ত বাংলাদেশের পুঁজিবাজারের আন্তর্জাতিক ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা আরও শক্তিশালী করবে, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করবে।

এ বিষয়ে সময়োপযোগী সহযোগিতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি, বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান, কমিশনের সম্মানিত কমিশনার ও কর্মকর্তাবৃন্দ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ডিবিএ আশা প্রকাশ করেছে, বাংলাদেশের পুঁজিবাজারে আরও বেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার বিশেষ গুরুত্ব দেবে এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির লক্ষ্যে বিনিয়োগবান্ধব নীতি, কার্যকর সংস্কার ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে।