শেয়ারবাজারে তালিকাভুক্ত দুইটি বিমা কোম্পানি এবং একটি ব্যাংকের সর্বশেষ ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। পৃথক রেটিং সংস্থার মূল্যায়নে প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি রেটিংয়ে শক্ত অবস্থান ধরে রাখার পাশাপাশি স্থিতিশীল (স্ট্যাবল) আউটলুক বজায় রেখেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আলফা ক্রেডিট রেটিং পিএলসি দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সার্ভেইলেন্স রেটিং প্রকাশ করেছে। এতে কোম্পানিটির দীর্ঘমেয়াদি ক্রেডিট রেটিং ‘এএ+’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-১’ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে কোম্পানিটির আউটলুক ‘স্ট্যাবল’ রাখা হয়েছে।
এই রেটিং নির্ধারণে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৬ সালের ২৩ জুন পর্যন্ত সংশ্লিষ্ট গুণগত তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।
অন্যদিকে, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সার্ভেইলেন্স রেটিংও প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি। কোম্পানিটির দীর্ঘমেয়াদি রেটিং ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-১’ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি এর আউটলুকও ‘স্ট্যাবল’ রাখা হয়েছে।
এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের রেটিং নির্ধারণে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৬ সালের ২২ জুন পর্যন্ত প্রাসঙ্গিক তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।
এদিকে, ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব) ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির সর্বশেষ সার্ভেইলেন্স রেটিং প্রকাশ করেছে। এতে ব্যাংকটির দীর্ঘমেয়াদি ক্রেডিট রেটিং ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-১’ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ব্যাংকটির আউটলুক ‘স্ট্যাবল’ বহাল রাখা হয়েছে।
ডাচ্-বাংলা ব্যাংকের রেটিং নির্ধারণে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।
প্রকাশিত রেটিং অনুযায়ী, তিনটি প্রতিষ্ঠানই আর্থিক সক্ষমতা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ঋণ পরিশোধ সক্ষমতার ক্ষেত্রে শক্ত অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে বলে মূল্যায়ন করেছে সংশ্লিষ্ট রেটিং সংস্থাগুলো।
























