ঢাকা   শনিবার ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

মার্তিনেজের চোটে বাড়ছে আর্জেন্টিনার দুশ্চিন্তা, অনুশীলনে ব্যথায় কাতর বিশ্বকাপজয়ী গোলরক্ষক

খেলার জগৎ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:৩১, ১৩ জুন ২০২৬

সর্বশেষ

মার্তিনেজের চোটে বাড়ছে আর্জেন্টিনার দুশ্চিন্তা, অনুশীলনে ব্যথায় কাতর বিশ্বকাপজয়ী গোলরক্ষক

আর্জেন্টিনা জাতীয় দলের শিবিরে নতুন করে উদ্বেগ তৈরি করেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। হাতে চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেও গ্লাভস পরে বল ধরতে গিয়ে আবারও অস্বস্তিতে পড়েছেন বিশ্বকাপজয়ী এই তারকা গোলরক্ষক।

একদিন আগেই মেডিক্যাল পরীক্ষায় ইতিবাচক ফল পেয়েছিলেন মার্তিনেজ। এরপর গ্লাভস হাতে অনুশীলনেও নেমেছিলেন তিনি। তবে গ্লাভস পরে অনুশীলনের দ্বিতীয় দিনেই ব্যথায় কাতর হতে দেখা গেছে তাকে, যা আর্জেন্টিনা দলের জন্য নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

অনুশীলনের শুরুতে দুই হাতেই গ্লাভস পরে মাঠে নামেন মার্তিনেজ। কিছুক্ষণ পর বল ধরার সময় অস্বস্তি অনুভব করেন এবং ব্যথার কারণে বিরক্তিও প্রকাশ করতে দেখা যায় তাকে। পরে তিনি গ্লাভস খুলে ফেলেন এবং সতীর্থ গোলরক্ষকদের সঙ্গে ‘ফুট টেনিস’ খেলায় অংশ নেন।

তবে অনুশীলন শেষে ড্রেসিংরুমে ফেরার সময় সংবাদমাধ্যমকে ‘থাম্বস আপ’ দেখিয়ে সবকিছু ঠিক আছে বলে আশ্বস্ত করেন আর্জেন্টাইন এই গোলরক্ষক।

অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগের ফাইনালের আগে ওয়ার্ম-আপের সময় ডান হাতের অনামিকা আঙুলে চোট পান মার্তিনেজ। পরে পরীক্ষা-নিরীক্ষায় আঙুলের হাড় ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। সেই চোটের পর গত বৃহস্পতিবার প্রথমবারের মতো গ্লাভস পরে অনুশীলনে ফেরেন তিনি।

অনুশীলনের দ্বিতীয় দিনে দুই হাত ব্যবহার করে বল গ্রিপ করতে দেখা গেলেও কিছু সময় পরই ব্যথার কারণে সমস্যায় পড়েন তিনি। চোট পাওয়া আঙুলে বিশেষ ধরনের ব্যান্ডেজও ব্যবহার করতে দেখা গেছে।

আর্জেন্টিনা দলের অনুশীলনের প্রথম ১৫ মিনিট সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত ছিল। সেই সময় ধারণ করা ভিডিওতে মার্তিনেজের অস্বস্তির দৃশ্য স্পষ্টভাবে ধরা পড়ে।

আগামী ১৭ জুন কানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ম্যাচটি অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে মার্তিনেজের শারীরিক অবস্থা নিয়ে আর্জেন্টিনা শিবিরে তাই বাড়ছে উদ্বেগ।

সর্বশেষ