শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেডের আর্থিক অবস্থার আরও অবনতি হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে। একই সঙ্গে কমেছে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ ও নিট সম্পদমূল্য। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে বিবিএস ক্যাবলসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৮৬ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৪৩ পয়সা।
অন্যদিকে, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৬ পয়সা। আগের বছরের একই সময়ে এ সূচক ছিল ৩৪ পয়সা।
এ ছাড়া ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকা ৬৪ পয়সা। এর আগে ৩০ জুন শেষে এই সম্পদমূল্য ছিল ২২ টাকা ৯৩ পয়সা।
কোম্পানিটির পক্ষ থেকে আর্থিক সূচকগুলোর অবনতির পেছনে কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে রাজস্ব আয় কমে যাওয়া, ব্যাংকঋণের সুদের হার বৃদ্ধি, মার্কিন ডলারের বিনিময় হারের ওঠানামা এবং কাঁচামালের মূল্যবৃদ্ধি। এসব কারণে আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি লোকসান বেড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ ছাড়া দেশের অর্থনৈতিক সংকটের কারণে সরকারি দরপত্র ও প্রকল্পের সংখ্যা কমে গেছে। এসব প্রকল্প কোম্পানিটির রাজস্ব আয়ের অন্যতম প্রধান উৎস হওয়ায় সেখান থেকেও আয় কমেছে।
পরিচালন নগদ প্রবাহ কমে যাওয়ার কারণ ব্যাখ্যায় কোম্পানিটি জানিয়েছে, আলোচ্য সময়ে পণ্য বিক্রি এবং গ্রাহকদের কাছ থেকে অর্থ আদায়—উভয়ই উল্লেখযোগ্যভাবে কমেছে। এর ফলে স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম থেকে অর্জিত পরিচালন নগদ প্রবাহে বড় ধরনের হ্রাস ঘটেছে। তবে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ কমে যাওয়ার পেছনে অস্বাভাবিক কোনো কারণ নেই বলে দাবি করেছে কোম্পানিটি।
অন্যদিকে, শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য কমার প্রধান কারণ হিসেবে সংরক্ষিত আয় (রিটেইনড আর্নিংস) হ্রাস পাওয়ার কথা জানিয়েছে বিবিএস ক্যাবলস। এর প্রভাবেই সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য জুনের তুলনায় কমেছে।
























