ঢাকা   সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

এলপি গ্যাসের সরবরাহ ও মজুত স্বাভাবিক, মন্ত্রীকে জানালেন আমদানিকারকেরা

জাতীয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:৩৭, ২৮ সেপ্টেম্বর ২০২৬

এলপি গ্যাসের সরবরাহ ও মজুত স্বাভাবিক, মন্ত্রীকে জানালেন আমদানিকারকেরা

দেশের বাজারে বর্তমানে এলপি গ্যাসের কোনো সংকট নেই বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে জানিয়েছেন এলপিজি আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে দেশে এলপি গ্যাসের আমদানি, মজুত ও সরবরাহ পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে বলে সভায় জানানো হয়েছে।

দেশের এলপিজি আমদানির পরিমাণ, মজুত ও সরবরাহ পরিস্থিতি, বাজারদরসহ সার্বিক বিষয় পর্যালোচনায় অপারেটরদের সঙ্গে মতবিনিময় সভা করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যের বরাত দিয়ে বলা হয়, দেশে এলপিজির জোগান ও মজুত পরিস্থিতি ভালো রয়েছে। গত আগস্ট মাসে দেশে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে। আর চলতি সেপ্টেম্বর মাসের ২২ তারিখ পর্যন্ত আমদানি করা হয়েছে আরও ১ লাখ ১৮ হাজার ৭৪২ মেট্রিক টন।

সভায় এলপিজি খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। আমদানির পরিমাণ, মজুত, সরবরাহ ও বাজারদরসহ বিভিন্ন বিষয়ে অপারেটরদের কাছ থেকে তথ্য নেওয়া হয়।

এ সময় জ্বালানিমন্ত্রী বলেন, মানুষের জীবনযাত্রা সহজ করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। এলপিজি আমদানির ক্ষেত্রে যেসব বাধা রয়েছে, সেগুলো দূর করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

তবে পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও গ্রাহক পর্যায়ে যাতে সরবরাহে কোনো ঘাটতি তৈরি না হয়, সে বিষয়ে অপারেটরদের সতর্ক করেন মন্ত্রী। অসৎ উদ্দেশ্যে কেউ যাতে এলপিজি মজুত করে কৃত্রিম সংকট তৈরি কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে, সেদিকেও নজর রাখার আহ্বান জানান তিনি।

সভায় এলপিজি অপারেটররা তাঁদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। মন্ত্রী তাঁদের বক্তব্য শোনার পর এসব সমস্যা দ্রুত সমাধানে জ্বালানি বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

মন্ত্রণালয় বলছে, দেশে এলপিজির সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমদানি, মজুত ও বাজার ব্যবস্থাপনার বিষয়গুলো নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।