বিকাশ, নগদ, রকেটসহ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং অন্যান্য পেমেন্ট সেবায় বড় পরিবর্তন আনছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআর কোডে পেমেন্ট করার পর অর্থ আর অপেক্ষায় থাকবে না; তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা দিতে হবে।
এ জন্য ব্যাংক, এমএফএস, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) মোবাইল অ্যাপে বাংলা কিউআর পেমেন্টের আইকন স্পষ্টভাবে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে বাংলা কিউআর কোড ব্যবহার করে করা প্রতিটি পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা দিতে হবে। একই দিন থেকে পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের ২০২৫ সালের ২৪ নভেম্বরের সার্কুলারে দেওয়া সংশ্লিষ্ট নির্দেশনা বাতিল বলে গণ্য হবে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, সব ব্যাংক, এমএফএস, পিএসপি ও পিএসওর মোবাইল অ্যাপের নির্দিষ্ট স্থানে বাংলা কিউআর পেমেন্টের আইকন দৃশ্যমান রাখতে হবে। এ ক্ষেত্রে ২০২১ সালের ৬ জানুয়ারি জারি করা সার্কুলারে নির্ধারিত লোগো অনুসরণ করতে হবে।
শুধু কিউআর স্ক্যান করেই নয়, আগামী ৩১ অক্টোবরের মধ্যে বাংলা কিউআর ইমেজ আপলোডের মাধ্যমেও পেমেন্ট করার সুবিধা চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
একই সময়সীমার মধ্যে কার্ড হিসাবধারীসহ সব সঞ্চয়ী ও চলতি হিসাবের গ্রাহকদের মোবাইল অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে পেমেন্টের সুবিধাও চালু করতে হবে।
অর্থাৎ, নতুন ব্যবস্থায় বাংলা কিউআর পেমেন্টের ক্ষেত্রে গ্রাহকের জন্য যেমন একাধিক পেমেন্ট পদ্ধতি চালু হবে, তেমনি মার্চেন্টের হিসাবে অর্থ জমা পড়ার সময়ও কমে আসবে।
পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ১৮(২) ধারায় দেওয়া ক্ষমতাবলে এসব নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
























