ঢাকা   শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

পেনশন বাড়ছে সর্বোচ্চ ৫৫%, মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা

অর্থ ও বাণিজ্য

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:২৫, ১৯ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

পেনশন বাড়ছে সর্বোচ্চ ৫৫%, মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশন বাড়ছে পাঁচ ধাপে। নতুন বেতনকাঠামো অনুযায়ী, যাঁরা বর্তমানে তুলনামূলক কম পেনশন পান, তাঁদের বৃদ্ধির হারও বেশি। ফলে সর্বনিম্ন পর্যায়ের পেনশন দ্বিগুণ হওয়ার পাশাপাশি সর্বোচ্চ পর্যায়ের পেনশনও উল্লেখযোগ্য হারে বাড়ছে।নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন গত বৃহস্পতিবার জারি করা হয়েছে। শনিবার তা প্রকাশ করা হয়। নতুন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে মাসে ৯ হাজার টাকা বা এর কম নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন ১০০ শতাংশ বাড়বে। অর্থাৎ ৯ হাজার টাকা পেনশন পাওয়া ব্যক্তি এখন পাবেন ১৮ হাজার টাকা।

৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বৃদ্ধি হবে ৭৫ শতাংশ। ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের জন্য বাড়বে ৬৫ শতাংশ।

এ ছাড়া ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন বাড়বে ৬০ শতাংশ। আর বর্তমানে ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বৃদ্ধি হবে ৫৫ শতাংশ।

ফলে নতুন কাঠামোতে সর্বোচ্চ মাসিক পেনশন দাঁড়াবে ৭০ হাজার ২০০ টাকা। অর্থাৎ দীর্ঘদিন আগে অবসরে গিয়ে যাঁরা তুলনামূলক কম পেনশন পাচ্ছেন, তাঁদের ক্ষেত্রে নতুন কাঠামোয় বৃদ্ধির পরিমাণ তুলনামূলক বেশি হবে।

নতুন বেতনকাঠামোর প্রস্তাব গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় অনুমোদিত হয়। ওই দিন মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছিলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী বর্তমান সরকার ‘এক গ্রেড এক পেনশন’ বা ‘ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পেনশন—ওআরওপি’ পদ্ধতি চালুর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, সামরিক ও বেসামরিক—উভয় ক্ষেত্রেই একই সঙ্গে এই পদ্ধতি বাস্তবায়নের কথা রয়েছে। তবে এ ব্যবস্থা চালু করতে বিপুল অর্থের প্রয়োজন হবে।

এ ছাড়া বেসামরিক কর্মচারীদের মধ্যে ২০১৯ সালের আগে অবসরে যাওয়া ব্যক্তিদের তথ্য না থাকায় ‘এক গ্রেড এক পেনশন’ পদ্ধতি একবারে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। এ কারণে পর্যায়ক্রমে ২০৩০ সালের মধ্যে পুরো পদ্ধতিটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

নতুন বেতনকাঠামোর মাধ্যমে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পেনশনে এই ধাপে ধাপে বৃদ্ধিকে সরকারের পেনশনব্যবস্থার সংস্কারের একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ