ঢাকা   রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রাহায়ণ ১৪৩৩

ফুডপান্ডা, ফুডি ও পাঠাও ফুডে বিক্রির তথ্য গোপন: ২৯ রেস্তোরাঁর ৩ কোটি টাকার ভ্যাট ফাঁকি

অর্থ ও বাণিজ্য

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১১:৪৭, ২৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:০৬, ২৮ নভেম্বর ২০২৬

সর্বশেষ

ফুডপান্ডা, ফুডি ও পাঠাও ফুডে বিক্রির তথ্য গোপন: ২৯ রেস্তোরাঁর ৩ কোটি টাকার ভ্যাট ফাঁকি

ফুডপান্ডা, ফুডি ও পাঠাও ফুডের মাধ্যমে এক মাসে ৬ কোটি ৯২ লাখ টাকার খাবার বিক্রি করেছে দেশের ২৯টি রেস্তোরাঁ। কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুসন্ধানে দেখা গেছে, এসব বিক্রির বিপরীতে ভ্যাট রিটার্নে হিসাব দেখানো হয়েছে ৩ কোটি ৯৬ লাখ ৯৬ হাজার টাকা। অর্থাৎ প্রকৃত বিক্রির তুলনায় প্রায় ২ কোটি ৯৫ লাখ ৬৬ হাজার টাকার বিক্রির তথ্য গোপন করেছে রেস্তোরাঁগুলো। এতে প্রায় ৩ কোটি টাকার ভ্যাট ফাঁকির ঘটনা সামনে এসেছে। অভিযুক্ত প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বার্গার এক্সপ্রেস, পিৎজা বার্গ ও সুলতান’স ডাইনসহ পরিচিত বেশ কয়েকটি রেস্তোরাঁ।

বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এনবিআরের অনুসন্ধান অনুযায়ী, গত আগস্ট মাসে ফুডপান্ডা, ফুডি ও পাঠাও ফুড—এই তিনটি অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মের মাধ্যমে ২৯টি রেস্তোরাঁর মোট বিক্রি হয়েছে ৬ কোটি ৯২ লাখ ৬১ হাজার ৯১৫ টাকা। অথচ এসব প্রতিষ্ঠান তাদের মাসিক ভ্যাট দাখিলপত্রে ডাইন-ইন, পার্সেল ও অনলাইন বিক্রিসহ মোট বিক্রি দেখিয়েছে মাত্র ৩ কোটি ৯৬ লাখ ৯৬ হাজার ১২৫ টাকা। ফলে প্রকৃত বিক্রির তুলনায় ২ কোটি ৯৫ লাখ ৬৫ হাজার ৭৯০ টাকার হিসাব রিটার্নে পাওয়া যায়নি।

অনুসন্ধানে সবচেয়ে বেশি বিক্রির তথ্য গোপনের অভিযোগ উঠেছে পিৎজা বার্গের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির মিরপুর, উত্তরা, গুলশান-১সহ ৯টি শাখায় অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি হয়েছে ২ কোটি ১০ লাখ ৪৪ হাজার ৩১ টাকা। কিন্তু ভ্যাট রিটার্নে দেখানো হয়েছে ১ কোটি ২৬ লাখ ৩৮ হাজার ৪০ টাকা। অর্থাৎ ৮৪ লাখ ৫ হাজার ৯৯১ টাকার বিক্রির হিসাব গোপন করা হয়েছে।

বার্গার এক্সপ্রেসের বনানী, কলাবাগান, মিরপুর, মোহাম্মদপুর ও বেইলি রোডের পাঁচটি শাখায় প্রায় ৯৭ লাখ ৮৩ হাজার টাকার বিক্রির তথ্য গোপনের ঘটনা পেয়েছে এনবিআর। এর মধ্যে শুধু বনানী শাখায় অনলাইন বিক্রি হয়েছে ২৯ লাখ ৩৮ হাজার টাকা। অথচ ভ্যাট রিটার্নে দেখানো হয়েছে মাত্র ২ লাখ ৪২ হাজার টাকা।

অন্যদিকে, সুলতান’স ডাইনের গুলশান, মিরপুর, সিলেট ও চট্টগ্রাম শাখায় অনলাইন বিক্রি হয়েছে ১ কোটি ৮১ লাখ ৭৫ হাজার টাকার বেশি। কিন্তু রিটার্নে দেখানো হয়েছে ১ কোটি ৩১ লাখ ৭০ হাজার টাকা। এতে ৫০ লাখ ৪ হাজার ৯৭৮ টাকার বিক্রির হিসাব গোপন করা হয়েছে।

এ ছাড়া চিলক্সের বনানী, মোহাম্মদপুর ও খিলগাঁও শাখায় ২৬ লাখ ৩ হাজার ৬০১ টাকার বিক্রির হিসাব গোপনের তথ্য পেয়েছে তদন্ত দল।

ধানমন্ডির লালবাগ বিরিয়ানি হাউসের ক্ষেত্রেও বড় ধরনের অসংগতি ধরা পড়েছে। প্রতিষ্ঠানটির অনলাইন বিক্রি হয়েছে ১৪ লাখ ৮ হাজার টাকা। কিন্তু ভ্যাট রিটার্নে দেখানো হয়েছে মাত্র ১ লাখ ২০ হাজার টাকা। ফলে ১২ লাখ ৮৮ হাজার ৩৬৭ টাকার বিক্রির হিসাব আড়াল করার তথ্য উঠে এসেছে।

এনবিআরের অনুসন্ধানে বলা হয়েছে, সাধারণত একটি রেস্তোরাঁর মোট আয়ের সর্বোচ্চ ১০ শতাংশ আসে অনলাইন অর্ডার থেকে। বাকি প্রায় ৯০ শতাংশ বিক্রি হয় সরাসরি আউটলেটের মাধ্যমে। কিন্তু অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে অনলাইন বিক্রির তথ্যেও বড় ধরনের অসংগতি পাওয়া গেছে। ফলে সরাসরি বিক্রি ও পার্সেলের প্রকৃত হিসাব নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।

মাত্র ২৯ রেস্তোরাঁতেই প্রায় ৩ কোটি টাকার বিক্রির তথ্য গোপন

তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশের ফুডপান্ডা, ফুডি ও পাঠাও ফুড—এই তিনটি প্ল্যাটফর্মে প্রায় ৬ থেকে ৭ হাজার রেস্তোরাঁ যুক্ত রয়েছে। সেখানে মাত্র ২৯টি প্রতিষ্ঠানের এক মাসের বিক্রির হিসাব যাচাই করেই প্রায় ৩ কোটি টাকার তথ্য গোপনের ঘটনা পাওয়া গেছে। ফলে সব রেস্তোরাঁর বিগত কয়েক বছরের বিক্রির হিসাব যাচাই করা হলে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির তথ্য বেরিয়ে আসতে পারে বলে আশঙ্কা করছে তদন্ত অধিদপ্তর।

এ পরিস্থিতিতে রাজস্ব ফাঁকি শনাক্ত ও বকেয়া ভ্যাট আদায়ে দেশের সব ভ্যাট কমিশনারেটকে পাঁচ দফা জরুরি নির্দেশনা দিয়েছে এনবিআর। নির্দেশনায় সংশ্লিষ্ট রেস্তোরাঁগুলোর গত পাঁচ বছরের অনলাইন বিক্রির তথ্য সংগ্রহ করে ভ্যাট রিটার্নের সঙ্গে মিলিয়ে দেখার কথা বলা হয়েছে।

এর মাধ্যমে প্রকৃত বিক্রির পরিমাণ নির্ধারণ, গোপন করা রাজস্ব শনাক্ত এবং আইন অনুযায়ী বকেয়া ভ্যাট আদায়ের উদ্যোগ নেওয়া হবে।

অনলাইন লেনদেনের তথ্য গোপনের এই ঘটনা শুধু ভ্যাট আদায়ের দুর্বলতাই নয়, ব্যবসাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও কর পরিপালন নিয়েও বড় প্রশ্ন তুলেছে। বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মে প্রতিটি অর্ডারের ডিজিটাল রেকর্ড থাকার পরও রিটার্নে তার প্রতিফলন না থাকা রাজস্ব কর্তৃপক্ষের নজরদারি আরও জোরদার করার প্রয়োজনীয়তা সামনে এনেছে।

সর্বশেষ