ঢাকা   বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রাহায়ণ ১৪৩৩

বিমা খাতে ভয়াবহ চিত্র, ৭৩ শতাংশ দাবি পরিশোধ হয়নি

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:০১, ১৮ নভেম্বর ২০২৬

সর্বশেষ

বিমা খাতে ভয়াবহ চিত্র, ৭৩ শতাংশ দাবি পরিশোধ হয়নি

দেশের বিমা খাতে গ্রাহকদের পাওনা পরিশোধের ভয়াবহ চিত্র উঠে এসেছে। জীবন ও সাধারণ বিমা মিলিয়ে মোট বিমা দাবির প্রায় ৭৩ শতাংশই এখনো অনিষ্পন্ন। টাকার অঙ্কে যার পরিমাণ ৭ হাজার ৭৭৯ কোটি টাকা। অর্থাৎ বিমা করেও নির্ধারিত অর্থ পাচ্ছেন না অধিকাংশ গ্রাহক। এতে বিমা কোম্পানিগুলোর আর্থিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, বিমা খাতের অনিয়ম, অব্যবস্থাপনা ও জবাবদিহির ঘাটতি অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে জনসমক্ষে আনা প্রয়োজন। একই সঙ্গে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আর্থিক খাতে প্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগও তথ্য-প্রমাণের ভিত্তিতে অনুসন্ধান করতে হবে।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে সংগঠনটির সদস্যদের গ্রুপ বিমা চুক্তি নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে দেশের বিমা খাতের আর্থিক পরিস্থিতি তুলে ধরে উপদেষ্টা জানান, জীবন ও সাধারণ বিমা মিলিয়ে দেশে মোট ৮২টি বিমা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে সাতটি প্রতিষ্ঠানকে গত সরকারের সময়ে লাইসেন্স দেওয়া হয়েছে। দেশে মোট বিমা দাবির পরিমাণ ১০ হাজার ৬১১ কোটি টাকা। এর বিপরীতে ৭ হাজার ৭৭৯ কোটি টাকার দাবি এখনো পরিশোধ করা হয়নি। অর্থাৎ মোট দাবির প্রায় ৭৩ শতাংশই গ্রাহকদের পাওনা হিসেবে আটকে রয়েছে।

সাধারণ বিমা খাতের পরিস্থিতি আরও উদ্বেগজনক। এ খাতে বিমা দাবি পরিশোধের হার মাত্র ১১ দশমিক ৩ শতাংশ বলে জানান তিতুমীর। তার মতে, এই চিত্র বিমা কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতা, গ্রাহকের স্বার্থ সংরক্ষণ এবং নিয়ন্ত্রক সংস্থার কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে।

উপদেষ্টা বলেন, বিমা খাতে ৭৩ শতাংশ দাবি অনিষ্পন্ন—এমন তথ্য প্রকাশ করেই সাংবাদিকদের দায়িত্ব শেষ করা উচিত নয়। কেন গ্রাহকরা এত বিপুল পরিমাণ অর্থ পাচ্ছেন না, কারা এর জন্য দায়ী এবং এর ফলে সাধারণ মানুষ কী ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, তা অনুসন্ধান করে বের করতে হবে। পাশাপাশি রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগও তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রকাশ করতে হবে।

তিনি আরও বলেন, দেশের ব্যাংকিং খাতের অনিয়ম ও অর্থ লুটপাট নিয়ে ব্যাপক আলোচনা হলেও বিমা খাতের সংকট তুলনামূলকভাবে আড়ালে থেকে যাচ্ছে। অথচ গ্রাহকের অর্থের নিরাপত্তা ও বিমা দাবি পরিশোধের ক্ষেত্রেও এ খাতে বড় ধরনের সমস্যা রয়েছে। আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

তিতুমীরের মতে, বিমা খাতের সংকটকে শুধু কোনো নির্দিষ্ট সরকারের কর্মকাণ্ড হিসেবে দেখার সুযোগ নেই। এটি রাষ্ট্র ও জনগণের স্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত। জনগণের অর্থ কোথায় যাচ্ছে, কীভাবে ব্যবহৃত হচ্ছে এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো কীভাবে পরিচালিত হচ্ছে, তার পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করতে হবে। দুর্বল আর্থিক প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে জনগণের করের টাকা ব্যবহারের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলার আহ্বান জানান তিনি।

দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, গত দেড় দশকে অর্থনীতিকে এমন অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে, যার প্রভাব দীর্ঘদিন বহন করতে হবে। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের বৈদেশিক ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব ঋণের সুদ ও আসল পরিশোধের দায় শেষ পর্যন্ত জনগণের ওপরই বর্তাবে।

তিনি বলেন, ব্যাংক, বিমা ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান—সব ক্ষেত্রেই জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে। আর্থিক খাতের দুর্বলতা কাটাতে জনগণের অর্থ ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। কোনো রাজনৈতিক দলের স্বার্থ নয়, বরং রাষ্ট্রের দীর্ঘমেয়াদি স্বার্থ বিবেচনায় নিয়ে আর্থিক খাতের প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরতে হবে।

এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক উদ্যোগের প্রশংসা করে তিতুমীর বলেন, সাংবাদিকদের পেশাগত সংগঠনগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা বজায় রাখা প্রয়োজন। বিভাজনের ঊর্ধ্বে উঠে সদস্যদের কল্যাণে ডিআরইউ যেভাবে কাজ করছে, তা প্রশংসনীয়।

এক বছরের জন্য নবায়ন হলো ডিআরইউর গ্রুপ বিমা

অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের গ্রুপ বিমা সুবিধা অব্যাহত রাখতে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে আগের চুক্তি আরও এক বছরের জন্য নবায়ন করা হয়েছে।

নবায়ন চুক্তিতে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন এবং ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, ২০ থেকে ৬০ বছর বয়সী ডিআরইউর প্রায় দুই হাজার সদস্য এই বিমা সুবিধার আওতায় থাকবেন। কোনো সদস্যের স্বাভাবিক মৃত্যু হলে তার পরিবার তিন লাখ টাকা বিমা সুবিধা পাবে। দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে এই সুবিধা ৩ লাখ ৮০ হাজার টাকা। এ ছাড়া অঙ্গহানির জন্য এক লাখ টাকা এবং গুরুতর অসুস্থতার কারণে অস্ত্রোপচারের ক্ষেত্রে ৭০ হাজার টাকা বিমা সুবিধা নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে আগের গ্রুপ বিমা চুক্তির আওতায় দুই সদস্যের বিমা দাবির অর্থও হস্তান্তর করা হয়। সদস্য আবু হেনা রাসেলের পরিবারের হাতে মৃত্যুদাবি বাবদ তিন লাখ টাকার চেক দেওয়া হয়। অন্যদিকে, সদস্য রফিকুল ইসলামের গুরুতর অসুস্থতাজনিত অস্ত্রোপচারের বিপরীতে ৭০ হাজার টাকার বিমা সুবিধার চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিক নেতারা বক্তব্য দেন।

সর্বশেষ