প্রথমবারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে সূচিত হলো নতুন অধ্যায়।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে প্রথম ইউনিট থেকে এই বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা-নিরীক্ষাও সম্পন্ন করা হবে।
প্রাথমিক পরীক্ষা শেষে বিদ্যুৎকেন্দ্রটি জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা চালানো হবে।
পরীক্ষার প্রতিটি ধাপে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের পারফরম্যান্স এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় নিবিড়ভাবে যাচাই করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কারিগরি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে এবং নির্ধারিত কার্যক্রম সম্পন্ন হলে পরবর্তী পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে পুনরায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল বা পরীক্ষামূলক পরিচালনা শেষে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করার পরিকল্পনা রয়েছে।
























