পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে সরকার। বোর্ডে সরকার, মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি চূড়ান্ত করা হয়েছে। নতুন মজুরি নির্ধারণের দাবিতে রাজধানী ঢাকা ও গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে আজ এ বোর্ড গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
নতুন মজুরি বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এ বি এম সামছুদ্দিন এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব।
অন্যদিকে, শ্রমিকপক্ষের প্রতিনিধি করা হয়েছে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে। নিরপেক্ষ প্রতিনিধি হিসেবে বোর্ডে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ।
বোর্ডে অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করে বাবুল আখতার বলেন, মজুরি বোর্ডে অন্তর্ভুক্তির বিষয়টি তিনি অবগত হয়েছেন। আশা করছেন, সরকার দ্রুত বোর্ডের কার্যক্রম শুরু করবে।
এদিকে, নতুন মজুরি নির্ধারণের দাবিতে কয়েক দিন ধরেই রাজধানী ও আশপাশের শিল্পাঞ্চলে আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। তাঁদের দাবি, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।
এই দাবিতে আজ রাজধানীর মিরপুর-১০ নম্বর মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। দুপুর ১২টার দিকে শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। একই দাবিতে গাজীপুরেও সড়কে নেমে বিক্ষোভ করেন শ্রমিকেরা।
এর আগে গতকাল এক অনুষ্ঠানে পোশাকশ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বিজিএমইএ ও বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। ওই সময় মন্ত্রী বলেন, মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তের পর শ্রমিকদের আন্দোলনে থাকার আর কোনো কারণ নেই বলে তিনি মনে করেন।
নতুন মজুরি বোর্ডের দায়িত্ব হবে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য ও প্রস্তাব বিবেচনা করে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের বিষয়ে সুপারিশ করা। তবে নতুন মজুরি কত হবে এবং কবে থেকে কার্যকর হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
























