শেয়ারবাজারে তালিকাভুক্ত এনআরবি ব্যাংক তৃতীয় প্রান্তিকে লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে। ২০২৬ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ পয়সা। আগের বছরের একই সময়ে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান ছিল ৭৮ পয়সা।
সম্প্রতি তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ব্যাংকটি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) এনআরবি ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ১৫ পয়সা। আগের বছরের একই সময়ে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান ছিল ২ টাকা ১ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যাংকটির আর্থিক অবস্থার উন্নতি হয়েছে এবং লোকসান থেকে মুনাফায় ফিরেছে।
এদিকে, চলতি বছরের প্রথম ৯ মাসে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নগদ কার্যকর অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২৬ টাকা ১৫ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৮৪ পয়সা।
অন্যদিকে, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ২৮ পয়সা।
























