ঢাকা   রোববার ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

সহযোগী প্রতিষ্ঠান কনফিডেন্স ব্যাটারিজের সব শেয়ার বিক্রি করবে কনফিডেন্স সিমেন্ট

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৩:০৩, ১ নভেম্বর ২০২৬

সর্বশেষ

সহযোগী প্রতিষ্ঠান কনফিডেন্স ব্যাটারিজের সব শেয়ার বিক্রি করবে কনফিডেন্স সিমেন্ট

সহযোগী প্রতিষ্ঠান কনফিডেন্স ব্যাটারিজ লিমিটেডের হাতে থাকা সব শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট পিএলসি। প্রতিষ্ঠানটির ১ কোটি ৩ লাখের বেশি শেয়ার বিক্রি করে ১১ কোটি ৩৪ লাখ টাকা পাবে কোম্পানিটি। কৌশলগত লক্ষ্য বাস্তবায়ন এবং তাৎক্ষণিক আর্থিক দায় মেটাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য অনুযায়ী, কনফিডেন্স সিমেন্টের হাতে থাকা কনফিডেন্স ব্যাটারিজের ১ কোটি ৩ লাখ ১৪ হাজার ৫০০টি শেয়ার কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির কাছে বিক্রি করা হবে। প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য ১১ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে সব শেয়ার বিক্রি করে কোম্পানিটি পাবে ১১ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা। এসব শেয়ারের প্রতিটির অভিহিত মূল্য ১০ টাকা।

গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় শেয়ার বিক্রির এ প্রস্তাব অনুমোদন করা হয়। কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের পাশাপাশি তাৎক্ষণিক আর্থিক দায় মেটানোর উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

শেয়ার বিক্রি ও হস্তান্তরের কার্যক্রম দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্পাদিত শেয়ার ক্রয় চুক্তির শর্ত অনুযায়ী সম্পন্ন হবে। তবে এ লেনদেনের জন্য কনফিডেন্স সিমেন্টের শেয়ারহোল্ডারদের সাধারণ সভায় অনুমোদন নিতে হবে। সাধারণ সভায় অনুমোদন পাওয়া সাপেক্ষে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করবে কোম্পানিটি।

শেয়ার বিক্রির প্রস্তাব বাস্তবায়িত হলে কনফিডেন্স ব্যাটারিজে কনফিডেন্স সিমেন্টের হাতে থাকা শেয়ারগুলোর মালিকানা কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের কাছে চলে যাবে।

সর্বশেষ