আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নতুন কর্মসূচি নিয়ে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তবে কর্মসূচির শর্ত এবং সেগুলো কীভাবে পূরণ করা হবে, তা নিয়ে আরও আলোচনা প্রয়োজন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে থাইল্যান্ডের ব্যাংককের কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টারে আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন ঋণ কর্মসূচির বিভিন্ন শর্ত নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। কিছু বিষয়ে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সমাধানে পৌঁছানো হবে।
তিনি বলেন, বাংলাদেশের ব্যাংকিং খাত, কর-জিডিপি অনুপাত, ব্যাংকের পুনঃমূলধনীকরণ এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাসহ বিভিন্ন বিষয়ে আইএমএফের পর্যবেক্ষণ রয়েছে। এসব বিষয়ে বাংলাদেশেরও সম্মতি আছে। এরই মধ্যে অনেক সমস্যার সমাধান হয়েছে। বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা অব্যাহত থাকবে।
অর্থমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের নীতি ও কৌশল বিশ্বাসযোগ্য বলেই উন্নয়ন সহযোগীরা দেশের পাশে রয়েছে।
























