ঢাকা   বুধবার ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

এলপিজির নতুন দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি, মতামত দিতে হবে ২৭ অক্টোবরের মধ্যে

অর্থ ও বাণিজ্য

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২:১৮, ১৪ অক্টোবর ২০২৬

আপডেট: ২২:২১, ১৪ অক্টোবর ২০২৬

সর্বশেষ

এলপিজির নতুন দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি, মতামত দিতে হবে ২৭ অক্টোবরের মধ্যে

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্যহার নির্ধারণে আগামী ২৯ অক্টোবর গণশুনানি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সরকারি ও বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ের দাম, বোতলজাতকরণ, মজুতকরণ, পরিবেশক ও খুচরা বিক্রেতার চার্জ পরিবর্তনের প্রস্তাব নিয়ে এ শুনানি অনুষ্ঠিত হবে। আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আগামী ২৭ অক্টোবরের মধ্যে লিখিত মতামত জমা দেওয়ার পাশাপাশি অংশগ্রহণের জন্য নাম নিবন্ধন করতে হবে।

বুধবার (১৪ অক্টোবর) বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের শহিদ এ কে এম শামসুল হক খান মেমোরিয়াল অডিটোরিয়ামে এ গণশুনানি অনুষ্ঠিত হবে।

বিইআরসি জানায়, সরকারি এলপিজির ভোক্তাপর্যায়ের বিদ্যমান মূল্যহার পরিবর্তনের জন্য এলপি গ্যাস লিমিটেড (এলপিজিএল) কমিশনে প্রস্তাব দিয়েছে। অন্যদিকে, বেসরকারি এলপিজির মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ, পরিবেশক চার্জ, খুচরা বিক্রেতার চার্জসহ ভোক্তাপর্যায়ের মূল্যহার পরিবর্তনের প্রস্তাব দিয়েছে কয়েকটি লাইসেন্সধারী প্রতিষ্ঠান।

এ ছাড়া পরিবেশক চার্জ পরিবর্তনের জন্য কয়েকটি এলপিজি পরিবেশক প্রতিষ্ঠানও প্রস্তাব জমা দিয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৬) ধারা অনুযায়ী এসব প্রস্তাবের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত নিতে গণশুনানির আয়োজন করা হয়েছে।

গণশুনানিতে অংশ নিতে আগ্রহী ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাকে আগামী ২৭ অক্টোবরের মধ্যে কমিশনে লিখিত বক্তব্য বা মতামত পাঠাতে বলা হয়েছে। একই সময়ের মধ্যে শুনানিতে অংশগ্রহণের জন্য নাম নিবন্ধন করতে অনুরোধ জানিয়েছে বিইআরসি।

১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা

এর আগে গত ৪ অক্টোবর দেশে এলপিজির দাম বাড়িয়েছিল বিইআরসি। সেদিন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়। ওই দিন সন্ধ্যা থেকেই নতুন দাম কার্যকর হয়।

এবারের গণশুনানিতে জমা পড়া প্রস্তাব ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত পর্যালোচনা করে মূল্যহার পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।

এদিকে, গ্যাস সিলিন্ডারের দাম ও সরবরাহ নিয়ে হয়রানির প্রতিবাদে ডাকা দুই দিনের ধর্মঘট প্রত্যাহার করেছেন এলপিজি ব্যবসায়ীরা।

বুধবার দুপুরে এলপিজি অপারেটরদের সংগঠন এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। এর আগে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক করেন সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিরা।

সর্বশেষ