কোর ব্যাংকিং সিস্টেমের সফটওয়্যার ও ডেটাবেজ হালনাগাদ করতে দুই দিন করে লেনদেন বন্ধ রাখবে সোনালী ব্যাংক ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক। এর মধ্যে সোনালী ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে ১৫ অক্টোবর রাত ১২টা থেকে ১৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আর স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে ২০ অক্টোবর রাত ১২টা ১ মিনিট থেকে ২২ অক্টোবর রাত ১০টা পর্যন্ত।
বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পৃথক দুটি প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) সফটওয়্যার ও ডেটাবেজ হালনাগাদ করার জন্য ব্যাংক দুটিকে নির্ধারিত সময়ে সার্ভার আপগ্রেডের অনুমোদন দেওয়া হয়েছে। এ কার্যক্রমের কারণে নির্ধারিত সময়ে ব্যাংক দুটির গ্রাহকেরা লেনদেন করতে পারবেন না। ব্যাংক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের বিষয়টি জানিয়েছে।
সোনালী ব্যাংকের লেনদেন বন্ধ ১৫ থেকে ১৭ অক্টোবর
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, সোনালী ব্যাংকের ইন্টেলেক্ট সিবিএস ১০.০০ সফটওয়্যারের ডেটাবেজ সংস্করণ ওরাকল ১১জি থেকে ওরাকল ১৯সি-তে উন্নীত করা হবে।
এ জন্য ১৫ অক্টোবর বৃহস্পতিবার রাত ১২টা থেকে ১৭ অক্টোবর শনিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। এ সময়ের মধ্যে ব্যাংকটির কোর ব্যাংকিং সিস্টেমের ডেটাবেজ হালনাগাদের কাজ সম্পন্ন করা হবে।
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন বন্ধ ২০ থেকে ২২ অক্টোবর
অন্যদিকে, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমের ডেটাবেজ সার্ভার ও অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্কের সংস্করণ ১১জি থেকে ১২সি-তে উন্নীত করা হবে। পাশাপাশি ডেটাবেজ ব্যবস্থাপনা সিস্টেম ওরাকল ১১জি থেকে ওরাকল ১৯সি-তে হালনাগাদ করা হবে।
ব্যাংকটির প্রস্তাব অনুযায়ী, এ কার্যক্রমের জন্য ২০ অক্টোবর মঙ্গলবার রাত ১২টা ১ মিনিট থেকে ২২ অক্টোবর বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।
প্রযুক্তিগত উন্নয়ন ও সিস্টেমের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।























