বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের জন্য নগদ মার্কিন ডলার কেনার সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জার থেকে একজন ভ্রমণকারী একবারে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার সমপরিমাণ নোট ও কয়েন কিনতে পারবেন। এতদিন এই সীমা ছিল ২ হাজার ডলার।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিদেশগামী নাগরিকদের বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণ আরও সহজ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, একজন ভ্রমণকারী তার বার্ষিক ভ্রমণ কোটার অবশিষ্ট অংশ থেকে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারের মাধ্যমে বৈদেশিক মুদ্রার নোট ও কয়েন কিনতে পারবেন। তবে এজন্য সংশ্লিষ্ট ব্যক্তির পর্যাপ্ত অবশিষ্ট ভ্রমণ কোটা থাকতে হবে।
এ ক্ষেত্রে অন্যান্য অবাধে রূপান্তরযোগ্য বা ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার নোট ও কয়েন পাওয়ার বিষয়টিও প্রযোজ্য হবে।
এর আগে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জার থেকে বিদেশগামী একজন যাত্রী একবারে সর্বোচ্চ ২ হাজার মার্কিন ডলার সমপরিমাণ নগদ বৈদেশিক মুদ্রা কিনতে পারতেন। নতুন সিদ্ধান্তে সেই সীমা বাড়িয়ে ৩ হাজার ডলার করা হয়েছে।
অর্থাৎ একবারে নগদ ডলার কেনার সুযোগ বাড়ল ১ হাজার ডলার বা ৫০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্তের ফলে বিদেশ ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকরা লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জার থেকে নগদ বৈদেশিক মুদ্রা সংগ্রহে আগের তুলনায় বেশি সুবিধা ও নমনীয়তা পাবেন বলে আশা করা হচ্ছে।
























