পাঁচটি ব্যাংকের একীভূতকরণের মাধ্যমে গঠিত রাষ্ট্রীয় মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংককে এগিয়ে নিতে কার্যক্রম জোরদার করা হচ্ছে। এরই অংশ হিসেবে ব্যাংকটির পরিচালনা পর্ষদের দশম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের বর্তমান অবস্থা পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রম ও বিভিন্ন বিনিয়োগ প্রস্তাব নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্প্রতি একীভূত হওয়া এক্সিম ব্যাংক টাওয়ারে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকটির চেয়ারম্যান কাজি শায়রুল হাসান। এক বিজ্ঞপ্তিতে সভার বিষয়টি জানিয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক।
সভায় পরিচালনা পর্ষদের সদস্য ও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের সচিব হাফিজ আহমেদ চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ রাশেদুল আমীন, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব শেখ ফরিদ, পরিচালক মো. খান সুবায়েল বিন রফিক, আসমা আখতার, কে এম জাকারিয়া ও মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার, ইউনিয়ন ব্যাংকের প্রশাসক মোহাম্মদ আবুল হাসেম, গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক মো. মোকসুদুজ্জামান এবং ব্যাংকের কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলাম।
সভায় সম্মিলিত ইসলামী ব্যাংকের সার্বিক ও বর্তমান অবস্থা নিয়ে পর্যালোচনা করা হয়। একই সঙ্গে ব্যাংকের কার্যক্রম আরও গতিশীল করা এবং ভবিষ্যতে ব্যাংককে এগিয়ে নিতে প্রয়োজনীয় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন পর্ষদ সদস্যরা।
এ সময় ব্যাংকের বিভিন্ন বিনিয়োগ প্রস্তাবও উপস্থাপন করা হয়। আলোচনা শেষে এসব প্রস্তাবের কয়েকটি অনুমোদন দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।























