ঢাকা   সোমবার ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রাহায়ণ ১৪৩৩

শেয়ারবাজার উন্নয়নে বিএসইসির পাশে দাঁড়াতে চায় এডিবি

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২১:১১, ১৬ নভেম্বর ২০২৬

সর্বশেষ

শেয়ারবাজার উন্নয়নে বিএসইসির পাশে দাঁড়াতে চায় এডিবি

বাংলাদেশের শেয়ারবাজারের উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বিশেষ করে শেয়ারবাজারের আধুনিকায়ন, বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) সম্প্রসারণে সহযোগিতা করতে চায় সংস্থাটি। এতে দেশের বিনিয়োগ পরিবেশ শক্তিশালী হওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি অর্থায়নের নতুন সুযোগ তৈরির সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সঙ্গে এডিবির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠকে এ আগ্রহের কথা জানানো হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এডিবির অফিস অব মার্কেটস ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (ওএমডিপি) প্রধান তাকেও কোইকে।

বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে শেয়ারবাজারের প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার, বেসরকারি খাতের উন্নয়ন ত্বরান্বিত এবং বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরিতে দুই প্রতিষ্ঠানের সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি অর্থায়নের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো ব্যাংকঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা। ব্যবসা সম্প্রসারণ ও নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে পুঁজিবাজারকে কার্যকর অর্থায়নের উৎস হিসেবে প্রতিষ্ঠা করা জরুরি। এ ক্ষেত্রে এডিবির সহযোগিতা দেশের শেয়ারবাজারের প্রাতিষ্ঠানিক দুর্বলতা কাটিয়ে উঠতে এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

বৈঠকে বিএসইসি চেয়ারম্যান দেশের শেয়ারবাজারের উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়নে বর্তমান কমিশনের নেওয়া বিভিন্ন উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। বেসরকারি খাতের বিকাশ এবং নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টিতে শেয়ারবাজারকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্ব দেন তিনি।

অন্যদিকে, এডিবির প্রতিনিধিদল বাংলাদেশের শেয়ারবাজারের অগ্রগতিতে পাশে থাকার আগ্রহ প্রকাশ করে। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, বেসরকারি খাতের প্রবৃদ্ধি এবং পিপিপি উদ্যোগ শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করে। দেশের ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ ও অর্থায়নের সুযোগ বাড়াতে শেয়ারবাজারের ভূমিকা কীভাবে আরও সম্প্রসারণ করা যায়, তা নিয়েও আলোচনা হয়।

বৈঠকে শেয়ারবাজারের উন্নয়নে সম্ভাব্য যৌথ উদ্যোগ বাস্তবায়নে এডিবিকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বিএসইসি। উভয় পক্ষই ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

সর্বশেষ