ঢাকা   মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

নাটোরে ভয়াবহ ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: নিহত ৩, আহত ৪

গ্রামবাংলা

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১১:৩৮, ২৪ মার্চ ২০২৬

আপডেট: ১১:৪২, ২৪ মার্চ ২০২৬

নাটোরে ভয়াবহ ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: নিহত ৩, আহত ৪

নাটোরের লালপুর উপজেলায় ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। হতাহত সবাই ইজিবাইকের আরোহী।

মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার নবীনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।

নিহতরা হলেন- জাহিদুল ইসলাম (৫০), মনিরুল (২৭) ও বাবুল (৩৫)। তারা সবাই উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বাসিন্দা।

আহতদের মধ্যে রয়েছেন ইজিবাইকের চালক রাব্বি (২২), মিঠুন সাহা (৩৫), মজনু (৪০) ও রাজিব (৩৫)। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইজিবাইকটি লালপুর থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে নবীনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাপায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত হন চালকসহ আরও ছয়জন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আহতদের মধ্যে আরও দুজনের মৃত্যু হয়।

ওসি মজিবুর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত ট্রাক ও ইজিবাইক জব্দ করে থানায় আনা হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।