ঢাকা   বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

রেসের চার মিউচুয়াল ফান্ড নিয়ে বড় বার্তা, ব্র্যাক ব্যাংকের প্রতিবেদনে যা উঠে এলো

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১২:৫৭, ৩০ জুলাই ২০২৬

রেসের চার মিউচুয়াল ফান্ড নিয়ে বড় বার্তা, ব্র্যাক ব্যাংকের প্রতিবেদনে যা উঠে এলো

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের মধ্যে চলমান নানা আলোচনা ও গুঞ্জনের মধ্যেই গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে দেশের অন্যতম কাস্টডিয়ান প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, রেস ম্যানেজমেন্ট পরিচালিত চারটি মিউচুয়াল ফান্ডের সব বিনিয়োগ সম্পদ নিরাপদ রয়েছে এবং কোনো ধরনের ঘাটতির প্রমাণ পাওয়া যায়নি।

গত ১৩ জুলাই প্রকাশিত মিউচুয়াল ফান্ড অ্যাসেট কনফার্মেশন রিপোর্টে ব্র্যাক ব্যাংক জানিয়েছে, ৩০ জুন পর্যন্ত তাদের তত্ত্বাবধানে থাকা তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত সব বিনিয়োগ সম্পদ এবং ব্যাংকে রাখা স্থায়ী আমানত বা এফডিআরের শতভাগ হিসাব সংরক্ষিত রয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর বিধিমালা অনুযায়ী, এসব সম্পদ একটি স্বাধীন কাস্টডিয়ানের মাধ্যমে সংরক্ষণ করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রেস ম্যানেজমেন্ট পরিচালিত পপুলার লাইফ ১ম মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড এবং এবি ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ডের মোট সম্পদের পরিমাণ ৭২৪ কোটি ৮৪ লাখ টাকা। এর মধ্যে তালিকাভুক্ত শেয়ার, বিএসইসি অনুমোদিত অ-তালিকাভুক্ত বিনিয়োগ এবং বিভিন্ন ব্যাংকের আমানত মিলিয়ে ৭১৮ কোটি ৭২ লাখ টাকার সম্পদ কাস্টডিয়ানের তত্ত্বাবধানে রয়েছে।

ব্র্যাক ব্যাংক আরও জানিয়েছে, মিউচুয়াল ফান্ডের তালিকাভুক্ত শেয়ার কোনো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির নিজস্ব হেফাজতে থাকে না। বরং সেগুলো কাস্টডিয়ানের নিজস্ব ডিপোজিটরি পার্টিসিপ্যান্ট (ডিপি) হিসাবেই সংরক্ষিত থাকে। একই সঙ্গে শেয়ার কেনাবেচার নিষ্পত্তিও কাস্টডিয়ানের তত্ত্বাবধানেই সম্পন্ন হয়, যা বিনিয়োগকারীদের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করে।

এদিকে রেস ম্যানেজমেন্টের জনসংযোগ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রতিষ্ঠানটির পরিচালিত প্রতিটি ফান্ডের সম্পদের পূর্ণাঙ্গ হিসাব সংরক্ষিত রয়েছে এবং কোথাও কোনো ঘাটতি নেই। তার দাবি, স্বাধীন কাস্টডিয়ানের প্রতিবেদনও সেই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

তিনি আরও বলেন, কিছু মহল ফান্ডের সম্পদ আত্মসাতের অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলেও ২০২৪, ২০২৫ এবং ২০২৬ সালের কাস্টডিয়ান প্রতিবেদনগুলোতে এমন অভিযোগের কোনো ভিত্তি পাওয়া যায়নি।

অন্যদিকে অ্যাসোসিয়েশন অব মিউচুয়াল ফান্ডস অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ (এএমএফএসি)-এর নিয়ন্ত্রক বিষয়ক এক কর্মকর্তা মনে করেন, কাস্টডিয়ানের সর্বশেষ এই প্রত্যয়ন মিউচুয়াল ফান্ড খাতের জন্য একটি ইতিবাচক বার্তা। তার মতে, এতে প্রমাণ হয়েছে যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং কাস্টডিয়ানের পৃথক দায়িত্ব যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে এবং বিনিয়োগকারীদের সম্পদ নিয়ম মেনেই সুরক্ষিত রাখা হচ্ছে।