ঢাকা   রোববার ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

কুমিল্লা ট্রেন-বাস ট্র্যাজেডি: ২ গেটম্যান বরখাস্ত, ৩ তদন্ত কমিটি

গ্রামবাংলা

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৫:১৫, ২২ মার্চ ২০২৬

সর্বশেষ

কুমিল্লা ট্রেন-বাস ট্র্যাজেডি: ২ গেটম্যান বরখাস্ত, ৩ তদন্ত কমিটি

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। দুর্ঘটনার জন্য দায়ের অভিযোগে সংশ্লিষ্ট লেভেল ক্রসিংয়ের দুই গেটম্যান—হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার সকালে রেলওয়ে পূর্বাঞ্চলের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বাংলাদেশ রেলওয়ে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে—একটি বিভাগীয় ও অন্যটি জোনাল পর্যায়ের। কমিটিগুলোকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিভাগীয় তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন চট্টগ্রাম বিভাগের পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান এবং জোনাল কমিটির প্রধান করা হয়েছে চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মোহাম্মদ সফিকুর রহমানকে।

এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকেও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদেক চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতদের পরিবারকে তাৎক্ষণিক ২৫ হাজার টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার ভোরের আগে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে নোয়াখালীগামী মামুন পরিবহনের একটি বাস উঠে গেলে ঢাকাগামী মেইল ট্রেন সেটিকে ধাক্কা দেয়। এতে নারী ও শিশুসহ অন্তত ১২ জন নিহত এবং আরও কয়েকজন আহত হন। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়।

সর্বশেষ