শেয়ারবাজারে তালিকাভুক্ত যমুনা অয়েল কোম্পানি লিমিটেড এবং তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি.। অনুমোদন অনুযায়ী, আগামী ৩০ জুন ২০২৬ থেকে নতুন নামে কার্যক্রম পরিচালনা করবে কোম্পানি দুটি। তবে নাম পরিবর্তন ছাড়া অন্য সব তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে ডিএসই।
ডিএসই সূত্রে জানা গেছে, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড-এর নতুন নাম হবে যমুনা অয়েল পিএলসি.। অর্থাৎ, ৩০ জুন ২০২৬ থেকে কোম্পানিটি নতুন এই নামেই শেয়ারবাজারে লেনদেন ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবে।
অন্যদিকে, তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর নতুন নাম নির্ধারণ করা হয়েছে তসরিফা ইন্ডাস্ট্রিজ পিএলসি.। একই তারিখ থেকে কোম্পানিটি নতুন নামেই বিনিয়োগকারীদের কাছে পরিচিত হবে।
ডিএসই আরও জানিয়েছে, এই পরিবর্তন কেবল কোম্পানির নামের ক্ষেত্রে প্রযোজ্য। কোম্পানি দুটির লেনদেনের কোড, ব্যবসায়িক কার্যক্রম, মূলধন কাঠামো, শেয়ারসংক্রান্ত তথ্য, আর্থিক অবস্থান এবং অন্যান্য সব তথ্য আগের মতোই অপরিবর্তিত থাকবে।
ফলে ৩০ জুন ২০২৬ থেকে ডিএসইর ট্রেডিং প্ল্যাটফর্মে বিনিয়োগকারীরা কোম্পানি দুটি যথাক্রমে ‘যমুনা অয়েল পিএলসি.’ এবং ‘তসরিফা ইন্ডাস্ট্রিজ পিএলসি.’ নামে দেখতে পাবেন।
























