শেয়ারবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক পিএলসি.-এর ৪৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (২৯ জুন) রাজধানীর আর্মি গলফ ক্লাবে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। এতে সরাসরি উপস্থিতির পাশাপাশি ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শেয়ারহোল্ডাররাও অংশ নেন।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. মেহমুদ হোসেন। উপস্থিত ছিলেন ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. এবতাদুল ইসলাম, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক কাজী মো. মাহবুব কাশেম, এফসিএ, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা, আইএফআইসি সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ মনজুরুল হক, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, কোম্পানি সেক্রেটারি মোকাম্মেল হক এবং ব্যাংকের শেয়ারহোল্ডাররা।
সভাপতির বক্তব্যে মো. মেহমুদ হোসেন বলেন, শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের আস্থা আরও সুদৃঢ় করা এবং দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে।
তিনি জানান, ব্যাংকের আর্থিক ভিত্তি আরও শক্তিশালী করা, সম্পদের গুণগত মান উন্নয়ন, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহকসেবার মানোন্নয়নে ইতোমধ্যে একাধিক কৌশলগত উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পদক্ষেপ ভবিষ্যতে ব্যাংকের ব্যবসায়িক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভায় অংশ নেওয়া শেয়ারহোল্ডাররা বর্তমান পরিচালনা পর্ষদের নেতৃত্বে ব্যাংকের ইতিবাচক অগ্রযাত্রার প্রশংসা করেন। তাদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ব্যাংকিং খাতের নানা চ্যালেঞ্জের মধ্যেও আইএফআইসি ব্যাংকের উল্লেখযোগ্য আমানত প্রবৃদ্ধি গ্রাহকদের আস্থা, কার্যকর ব্যবসায়িক কৌশল এবং ব্যাংকের প্রতি ক্রমবর্ধমান বিশ্বাসের প্রতিফলন।
এজিএমে ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী, নিরীক্ষক নিয়োগসহ সভার নির্ধারিত সব এজেন্ডা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মোকাম্মেল হক সভা পরিচালনা করেন।
























