বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে ৪৫ মিলিয়ন কানাডীয় ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে কানাডা। এ অর্থ দিয়ে অর্থনৈতিক সুশাসন, কৃষিতে উদ্ভাবন, বাজার উন্নয়ন এবং বেসরকারি খাতের প্রবৃদ্ধিতে সহায়তা দেওয়া হবে।
সম্প্রতি বাংলাদেশের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করেন কানাডার ইন্দো-প্যাসিফিকবিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন এপ। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং পারস্পরিক লাভজনক অংশীদারি গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে কানাডার পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রাধিকার বাস্তবায়নে সম্প্রতি ৪৫ মিলিয়ন কানাডীয় ডলার বিনিয়োগ করা হয়েছে। এই বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সুশাসন জোরদার, কৃষিতে নতুন উদ্ভাবন, বাজারের উন্নয়ন এবং বেসরকারি খাতের বিকাশে সহযোগিতা করা হবে।
এ সময় বাংলাদেশ ও কানাডার ক্রমবর্ধমান বাণিজ্যিক সম্পর্কের বিষয়টিও গুরুত্ব পায়। কানাডার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৪ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে।
বৈঠকে দুই দেশের অর্থনৈতিক অংশীদারি আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। এর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক সক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি সমৃদ্ধি অর্জনে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ ও কানাডা।
সংশ্লিষ্টরা মনে করছেন, কানাডার এই বিনিয়োগ বাংলাদেশের কৃষি, অর্থনৈতিক ব্যবস্থাপনা ও বেসরকারি খাতের উন্নয়নে সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে।
























