শেয়ারবাজারে তালিকাভুক্ত রিংশাইন টেক্সটাইলস পিএলসির ফ্যাব্রিক ও হ্যাং ডাইং বিভাগের প্ল্যান্ট ও কারখানার কার্যক্রম প্রাথমিকভাবে ১৫ দিনের জন্য সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
কোম্পানিটি জানিয়েছে, গত ১৪ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ এবং বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ অনুযায়ী আগামী ১৭ অক্টোবর থেকে এ সাময়িক বন্ধ কার্যকর হবে। প্রাথমিকভাবে বন্ধের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ১৫ দিন।
কোম্পানির তথ্য অনুযায়ী, কারখানার রক্ষণাবেক্ষণে গুরুতর ও দীর্ঘস্থায়ী সমস্যা, উৎপাদিত পণ্যের গুণগত মান নিয়ে উদ্বেগ এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব সমস্যা সমাধানের পাশাপাশি উৎপাদন কার্যক্রমের সক্ষমতা ও মান উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।
এদিকে, কারখানার সার্বিক পরিস্থিতি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে কোম্পানিটি।
কোম্পানিটি আরও জানিয়েছে, সাময়িক বন্ধের মেয়াদ বাড়ানোর প্রয়োজন হলে অথবা কারখানার কার্যক্রমের অবস্থায় কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটলে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোকে তাৎক্ষণিকভাবে অবহিত করা হবে।
























