ঢাকা   বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

টেকনো ড্রাগের ১২ কোটি ৯৮ লাখ টাকা সুদ বকেয়া, সংকটে নগদ প্রবাহ

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৯, ১৫ অক্টোবর ২০২৬

সর্বশেষ

টেকনো ড্রাগের ১২ কোটি ৯৮ লাখ টাকা সুদ বকেয়া, সংকটে নগদ প্রবাহ

সরকারি দরপত্রের মাধ্যমে টানা দুই বছর পণ্য বিক্রি সাময়িকভাবে বন্ধ থাকায় নগদ প্রবাহে মারাত্মক সংকটে পড়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি টেকনো ড্রাগ। এর ফলে ব্যাংকঋণের সুদ পরিশোধেও বিলম্ব হয়েছে। কোম্পানিটি জানিয়েছে, ব্যাংকঋণের বিপরীতে মোট ২১ কোটি ৭৮ লাখ টাকা সুদের মধ্যে ৮ কোটি ৮০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। এখনো ১২ কোটি ৯৮ লাখ টাকা সুদ বকেয়া রয়েছে।

সম্প্রতি সংবাদপত্র ও অনলাইন পোর্টালে প্রকাশিত খবরের বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যাখ্যা তলবের পরিপ্রেক্ষিতে এসব তথ্য জানিয়েছে টেকনো ড্রাগ। কোম্পানিটি আরও জানিয়েছে, সংবাদ প্রচারসংক্রান্ত পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ না করাটা ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত।

ডিএসইর মাধ্যমে ৭ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত সংবাদসংক্রান্ত ব্যাখ্যা এবং ১৩ অক্টোবর জারি করা পরবর্তী অনুসন্ধানের জবাবে কোম্পানিটি এ তথ্য দিয়েছে।

কোম্পানির ব্যাখ্যায় বলা হয়েছে, টেকনো ড্রাগ মূলত ওষুধসামগ্রী উৎপাদন ও সরবরাহ করে। বিশেষ করে জন্মনিয়ন্ত্রণসামগ্রী উৎপাদন ও সরবরাহ করে থাকে প্রতিষ্ঠানটি, যেগুলো ঐতিহাসিকভাবে সরকারি দরপত্রের মাধ্যমে বিক্রি করা হয়।

তবে গত দুই বছর সরকারি দরপত্রের মাধ্যমে এসব পণ্য বিক্রি সাময়িকভাবে বন্ধ থাকায় কোম্পানিটির নগদ প্রবাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব পড়েছে ব্যাংকঋণের সুদ পরিশোধে, যার ফলে সুদ পরিশোধে বিলম্ব ঘটে।

এ ছাড়া ব্যাংকঋণ আদায়ের জন্য সংশ্লিষ্ট ব্যাংক যে নিলামপ্রক্রিয়া শুরু করেছে, সে বিষয়ে কোম্পানিটি অবগত ছিল না বলেও ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ