বাংলাদেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনাটা পিএলসি ইউরোপীয় বাজারে তাদের উপস্থিতি আরও জোরদার করেছে। বিদ্যমান বিভিন্ন দেশের সঙ্গে এবার পর্তুগালেও প্রতিষ্ঠানটির ওষুধ বাজারজাতের উদ্যোগ নেওয়া হয়েছে, ফলে ইউরোপে রেনাটার রপ্তানি কার্যক্রম নতুন একটি গন্তব্য পেল।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক ধাপে পর্তুগালে তিনটি ওষুধ সরবরাহ করা হবে। এগুলো হলো—অ্যামান্টাডিন ১০০ মিলিগ্রাম ক্যাপসুল, ফ্লুড্রোকর্টিসোন ০.১ মিলিগ্রাম ট্যাবলেট এবং ক্যাবারগোলিন ০.৫ মিলিগ্রাম ট্যাবলেট।
এর আগে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফ্রান্স, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড ও সাইপ্রাসসহ ইউরোপের একাধিক দেশে রেনাটার ওষুধ বিপণন করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এখন পর্তুগালও কোম্পানিটির রপ্তানি তালিকায় যুক্ত হলো।
পারকিনসন রোগের চিকিৎসায় ব্যবহৃত অ্যামান্টাডিন অনিয়ন্ত্রিত পেশির নড়াচড়া কমানো এবং শরীরের শক্তভাব বা জড়তা হ্রাসে কার্যকর ওষুধ হিসেবে পরিচিত। বাংলাদেশে এই ওষুধটি ‘মানটাডিন’ নামে বিক্রি হয়।
অন্যদিকে ফ্লুড্রোকর্টিসোন ০.১ মিলিগ্রাম একটি কৃত্রিম কর্টিকোস্টেরয়েড, যা অ্যাড্রিনাল গ্রন্থির কার্যকারিতা কমে গেলে, বিশেষ করে অ্যাডিসন রোগের ক্ষেত্রে হরমোন প্রতিস্থাপন চিকিৎসায় ব্যবহার করা হয়। পাশাপাশি ক্যাবারগোলিন ০.৫ মিলিগ্রামও বিশেষায়িত চিকিৎসায় ব্যবহৃত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ওষুধ।
রেনাটার প্রত্যাশা, পর্তুগালে এসব ওষুধ সরবরাহের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে উচ্চমানসম্পন্ন ও নির্ভরযোগ্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে তাদের অবস্থান আরও সুদৃঢ় হবে এবং ইউরোপীয় অঞ্চলে ব্যবসা সম্প্রসারণের গতি বাড়বে।
























