ঢাকা   বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

শেয়ারবাজারে ঋণ করে বিনিয়োগে লাভ কতটা, ঝুঁকিই বা কেমন?

শেয়ারবাজারে ঋণ করে বিনিয়োগে লাভ কতটা, ঝুঁকিই বা কেমন?

শেয়ারবাজারে বিনিয়োগের মূল ভিত্তি নিজের পুঁজি। কিন্তু অনেক বিনিয়োগকারী দ্রুত বেশি মুনাফার আশায় নিজের সামর্থ্যের বাইরে গিয়ে ঋণ করে শেয়ার কেনেন। এতে শেয়ারের দাম বাড়লে লাভের পরিমাণ যেমন বাড়তে পারে, তেমনি বাজার দরপতন হলে লোকসানের বোঝাও কয়েক গুণ বেড়ে যেতে পারে। এর সঙ্গে যুক্ত হয় ঋণের উচ্চ সুদ। ফলে যে বিনিয়োগ থেকে বাড়তি আয়ের প্রত্যাশা থাকে, সেটিই একসময় আর্থিক চাপের কারণ হয়ে উঠতে পারে।

শেয়ারবাজারের অপর নাম পুঁজিবাজার। পুঁজি মানে নিজের মূলধন। দৈনন্দিন ও মাসিক খরচ মেটানোর পর আপনার হাতে যে বাড়তি অর্থ জমা থাকে, সেটিই হতে পারে বিনিয়োগযোগ্য পুঁজি। অর্থাৎ এমন অর্থ, যা শেয়ারবাজারে বিনিয়োগ করে ঝুঁকি নিলেও আপনার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে বড় ধরনের আর্থিক সংকট তৈরি হবে না।

একবার নিজেকে প্রশ্ন করুন, নিতান্ত বাধ্য না হলে আপনি কি ঋণ করে সংসারের খরচ চালান? কিংবা ঋণ নিয়ে ব্যাংকে টাকা জমা রাখেন? যদি তা না করেন, তাহলে শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ঋণ নেবেন কেন?

ঋণ নিলে তার বিপরীতে সুদ দিতে হবে। সেই সুদের টাকা আসবে কোথা থেকে? আপনি তো শেয়ারবাজারে এসেছেন বাড়তি আয় বা মুনাফার আশায়। এখন সেই মুনাফার বড় একটি অংশ যদি ঋণের সুদ পরিশোধেই চলে যায়, তাহলে বিনিয়োগ করে আপনার প্রকৃত লাভ কতটুকু থাকল?

শেয়ারবাজারে বিনিয়োগে যেমন বেশি মুনাফার সম্ভাবনা রয়েছে, তেমনি রয়েছে পুঁজি হারানোর ঝুঁকিও। ঋণ করে বিনিয়োগের পর যদি শেয়ারের দাম কমে যায়, তাহলে লোকসানের পাশাপাশি ঋণের সুদও বহন করতে হবে। এমনকি বিনিয়োগের বড় অংশ হারিয়ে গেলেও ঋণের দায় থেকে মুক্তি মিলবে না। তখন সুদ ও আসল পরিশোধ করবেন কীভাবে?

তাই শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে ঋণ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। নিজের সঞ্চয়ের একটি অংশ বিনিয়োগ করুন। এমন শেয়ার বেছে নিন, যেগুলোতে রাতারাতি বড় মুনাফার সম্ভাবনা না থাকলেও পুঁজি হারানোর ঝুঁকি তুলনামূলক কম।

আমাদের শেয়ারবাজারে এমন অনেক ভালো মৌলভিত্তির কোম্পানি রয়েছে, যেগুলোর গত পাঁচ থেকে দশ বছরের শেয়ারদর বিশ্লেষণ করলে দেখা যায়, নির্দিষ্ট একটি সীমার মধ্যে দাম ওঠানামা করেছে। এসব কোম্পানিতে উপযুক্ত দামে বিনিয়োগ করলে তুলনামূলক স্থিতিশীলতার সম্ভাবনা থাকে। তবে কোনো শেয়ারের দাম বা কোম্পানির অতীতের পারফরম্যান্স ভবিষ্যতে পুঁজি সুরক্ষার নিশ্চয়তা দেয় না।

এমনকি ভালো কোম্পানির শেয়ার কম দামে কিনেও ঋণ করে বিনিয়োগ করলে কাঙ্ক্ষিত মুনাফা পাওয়া কঠিন হতে পারে। কারণ, অর্জিত মুনাফার একটি অংশ চলে যাবে ঋণের সুদ পরিশোধে। প্রবাদ আছে, ‘লাভের গুড় পিঁপড়ায় খায়।’ ঋণ করে শেয়ারবাজারে বিনিয়োগ করলে অনেক ক্ষেত্রে সেই প্রবাদই সত্যি হয়ে উঠতে পারে।

কেন ঋণ করে বিনিয়োগ বেশি ঝুঁকিপূর্ণ?

প্রশ্ন হচ্ছে, শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ঋণ দেয় কারা? ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান সাধারণত সরাসরি শেয়ার কেনার উদ্দেশ্যে ঋণ দেয় না। তবে কেউ ব্যক্তিগত ঋণ নিয়ে বা পরিবার-পরিজনের কাছ থেকে ধার করে শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারেন।

এর বাইরে শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ঋণ দেওয়ার ব্যবস্থা রয়েছে ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকের। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বিনিয়োগকারীরা বিও হিসাব খুলে শেয়ার কেনাবেচা করেন। শেয়ারের বিপরীতে এসব প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার সুযোগও রয়েছে।

কিন্তু প্রশ্ন হলো, এসব প্রতিষ্ঠান আপনাকে ঋণ দেওয়ার জন্য টাকা কোথা থেকে সংগ্রহ করে?

সাধারণত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে সুদে অর্থ সংগ্রহ করে ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংক। এরপর নিজেদের খরচ ও মুনাফা যুক্ত করে বিনিয়োগকারীদের ঋণ দেয়। ফলে এই ঋণের সুদের হার সাধারণ ব্যাংকঋণের সুদের তুলনায় বেশি হতে পারে। অনেক ক্ষেত্রে তা ১৫ থেকে ২০ শতাংশ বা তারও বেশি।

এখন হিসাব করে দেখুন, ১৫ থেকে ২০ শতাংশ সুদে ঋণ নিয়ে বিনিয়োগ করলে আপনার প্রকৃত মুনাফা কত হওয়া প্রয়োজন? ঋণের সুদ, লেনদেন ব্যয় ও অন্যান্য খরচ বাদ দিয়েও উল্লেখযোগ্য মুনাফা পেতে হলে শেয়ারের দাম অনেক বেশি বাড়তে হবে। অর্থাৎ ঋণ নিয়ে বিনিয়োগ করে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করা মোটেও সহজ নয়।

এক লাখ টাকার বিনিয়োগে লাভের হিসাব

ধরা যাক, আপনি ঋণ করে এক লাখ টাকা বিনিয়োগ করলেন। একই সময়ে আরেকজন নিজের সঞ্চয় থেকে এক লাখ টাকা বিনিয়োগ করলেন। আপনারা দুজনই একই কোম্পানির শেয়ার কিনলেন, প্রতিটি শেয়ারের ক্রয়মূল্য ১০০ টাকা।

কিছুদিন পর শেয়ারটির দাম বেড়ে ১১০ টাকা হলো। অর্থাৎ প্রতি শেয়ারে ১০ টাকা বা ১০ শতাংশ মুনাফা হলো।

বিবরণ

ঋণ করে বিনিয়োগ

নিজের পুঁজিতে বিনিয়োগ

বিনিয়োগের পরিমাণ

১ লাখ টাকা

১ লাখ টাকা

শেয়ারের ক্রয়মূল্য

১০০ টাকা

১০০ টাকা

শেয়ারের বর্তমান মূল্য

১১০ টাকা

১১০ টাকা

মোট মুনাফা

১০ হাজার টাকা

১০ হাজার টাকা

ঋণের সুদ

প্রযোজ্য

নেই

প্রকৃত মুনাফা

সুদ ও খরচ বাদে

১০ হাজার টাকা থেকে অন্যান্য খরচ বাদে

এখানে ঋণ করে বিনিয়োগকারীকে অর্জিত ১০ হাজার টাকা মুনাফা থেকে ঋণের সুদ পরিশোধ করতে হবে। অন্যদিকে নিজের পুঁজিতে বিনিয়োগকারীকে ঋণের কোনো সুদ দিতে হচ্ছে না। ফলে একই শেয়ারে একই দামে বিনিয়োগ করেও ঋণমুক্ত বিনিয়োগকারী তুলনামূলক বেশি লাভবান হবেন।

আর শেয়ারের দাম যদি ১০০ টাকা থেকে কমে ৯০ টাকা হয়ে যায়, তাহলে দুজনেরই ১০ হাজার টাকা লোকসান হবে। কিন্তু ঋণ করে বিনিয়োগকারীকে এই লোকসানের পাশাপাশি ঋণের সুদও বহন করতে হবে। অর্থাৎ তাঁর আর্থিক ক্ষতির পরিমাণ আরও বাড়বে।

আগে পুঁজির ভিত্তি মজবুত করুন

শেয়ারবাজারে ঋণ করে বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো, বাজার আপনার প্রত্যাশা অনুযায়ী চলবে—এমন কোনো নিশ্চয়তা নেই। শেয়ারের দাম কখন বাড়বে, কখন কমবে, তা নিশ্চিতভাবে বলা যায় না। কিন্তু ঋণের সুদ নির্ধারিত সময়েই পরিশোধ করতে হয়।

তাই শেয়ারবাজারে নতুন কিংবা তুলনামূলক কম অভিজ্ঞ বিনিয়োগকারীদের ঋণ করে বিনিয়োগ থেকে দূরে থাকাই ভালো। আগে নিজের পুঁজির ভিত্তি মজবুত করুন। বাজার সম্পর্কে জানুন, কোম্পানির আর্থিক অবস্থা বিশ্লেষণ করতে শিখুন এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগের অভ্যাস গড়ে তুলুন।

মনে রাখবেন, শেয়ারবাজারে শুধু বেশি মুনাফা করাই সাফল্য নয়, নিজের পুঁজি টিকিয়ে রাখাও বড় সাফল্য। কারণ, বড় পুঁজি অনেক সময় ছোট পুঁজির ওপর বাড়তি সুবিধা তৈরি করে। তাই অন্যের কাছ থেকে ঋণ নিয়ে বিনিয়োগের আগে নিজের আর্থিক সক্ষমতা ও ঝুঁকি নেওয়ার ক্ষমতা বিবেচনা করুন।

ঋণের টাকায় মুনাফা করার স্বপ্ন দেখার আগে নিজের পুঁজিকে নিরাপদ রাখার সক্ষমতা অর্জন করুন।