দেশের বাজারে টানা দুই দিনে ভরিপ্রতি সোনার দাম কমেছে প্রায় ৫ হাজার টাকা। এর মধ্যে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা এবং গতকাল বুধবার ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছে। বিশ্ববাজারে সোনার দরপতনের প্রভাবেই দেশের বাজারে এই মূল্যহ্রাস বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তবে সোনার দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।
বাজুস আজ সকাল ১০টা থেকে সোনার নতুন দাম কার্যকর করেছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।
আজকের দাম কমানোর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
এর আগে গতকাল বুধবারও ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল। সব মিলিয়ে সর্বশেষ দুই দফায় ২২ ক্যারেটের সোনার দাম কমেছে ৪ হাজার ৯৫৭ টাকা। এর আগে গত শুক্রবারও ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়। ফলে সর্বশেষ তিন দফায় সোনার দাম কমেছে মোট ৭ হাজার ৬৯৮ টাকা।
উল্লেখ্য, এর আগে টানা তিন দফায় সোনার দাম বাড়িয়েছিল বাজুস। ওই তিন দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়েছিল ১২ হাজার ৭২ টাকা।
অপরিবর্তিত রুপার দাম
সোনার দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ২১৬ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমেছে। এর প্রভাবেই সোনার নতুন দাম সমন্বয় করা হয়েছে।
বিশ্ববাজারেও সোনার দামে পতন
দেশের বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও কমছে সোনার দাম। গত সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম প্রায় ৫ শতাংশ বেড়েছিল। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসেও মূল্যবান এই ধাতুর দাম ঊর্ধ্বমুখী ছিল। তবে এরপর থেকেই আবার দরপতন শুরু হয়েছে।
গোল্ডপ্রাইস ডট অর্গের তথ্য অনুযায়ী, গতকাল নিউইয়র্কের বাজারে প্রতি আউন্স সোনার দাম কমেছে ৪৮ ডলার। এতে আন্তর্জাতিক বাজারে সোনার দাম আবারও ৪ হাজার ডলারের নিচে নেমে আসে।
আজ প্রতিবেদন লেখার সময় আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল ৩ হাজার ৯৭৩ ডলার।
এর আগে গত ৫ নভেম্বর আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম একপর্যায়ে ৪ হাজার ১৪৬ ডলারে উঠেছিল। ২০ অক্টোবরের পর সেটিই ছিল সোনার সর্বোচ্চ দাম। ফলে সাম্প্রতিক উত্থানের পর বিশ্ববাজারে সোনার দামে আবারও নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।
























