শেয়ারবাজারে তালিকাভুক্ত শীর্ষ ১০ কোম্পানির কাছে জমেছে ৫১ হাজার ২৯৯ কোটি টাকার সংরক্ষিত আয়। এর মধ্যে সবচেয়ে বেশি ১৩ হাজার ৫৬২ কোটি টাকা রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কাছে। এরপর রয়েছে ওয়ালটন হাইটেক ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি)। ব্যাংক ঋণের সুদহার ১২ থেকে ১৪ শতাংশে পৌঁছানো এবং বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে যাওয়ার মধ্যে কোম্পানিগুলোর এই বিশাল নিজস্ব তহবিল আর্থিক সক্ষমতার গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছে। তবে বিনিয়োগ মন্দার কারণে জমে থাকা অর্থের কতটা নতুন শিল্প ও উৎপাদন সম্প্রসারণে কাজে লাগছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সংরক্ষিত আয়ের দিক থেকে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, বিএটিবিসি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, রেনাটা, ইউনাইটেড পাওয়ার, বিএসআরএম লিমিটেড, গ্রামীণফোন, বিএসআরএম স্টিল ও অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই)। এসব কোম্পানির মোট সংরক্ষিত আয় ৫১ হাজার ২৯৯ কোটি টাকা। এ অর্থের বিপরীতে কোম্পানিগুলোর নগদ অর্থের পরিমাণ ৯ হাজার ৯৮৯ কোটি টাকা।
সংরক্ষিত আয় হলো কোম্পানির মুনাফার সেই অংশ, যা লভ্যাংশ হিসেবে বিতরণ না করে ভবিষ্যৎ ব্যবসায়িক প্রয়োজনের জন্য রেখে দেওয়া হয়। নতুন কারখানা স্থাপন, উৎপাদন সক্ষমতা বাড়ানো, প্রযুক্তির আধুনিকায়ন এবং চলতি মূলধনের চাহিদা মেটাতে এ অর্থ ব্যবহার করা যায়। ফলে ব্যাংক ঋণের ওপর নির্ভরতা ও সুদ ব্যয়ের চাপ কমানোর সুযোগ তৈরি হয়।
তালিকার শীর্ষে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের চলতি বছরের মার্চ শেষে সংরক্ষিত আয় দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৬২ কোটি টাকা। একই সময়ে কোম্পানিটির নগদ ও নগদ সমতুল্য অর্থের পরিমাণ ছিল ৫ হাজার ৩৮৬ কোটি টাকা। গত ২৬ অক্টোবর কোম্পানিটির পরিচালনা পর্ষদ কারখানার আধুনিকায়ন, পুনর্বাসন ও সম্প্রসারণ এবং মূলধনি যন্ত্রপাতি ও জমি কেনার জন্য ৭২৫ কোটি টাকা বিনিয়োগের অনুমোদন দিয়েছে।
সংরক্ষিত আয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। জুন ২০২৬ শেষে কোম্পানিটির সংরক্ষিত আয় ছিল ৮ হাজার ৯১২ কোটি টাকা। তৃতীয় অবস্থানে থাকা বিএটিবিসির সেপ্টেম্বর শেষে সংরক্ষিত আয় দাঁড়িয়েছে ৫ হাজার ৩৩৮ কোটি টাকা।
চতুর্থ অবস্থানে থাকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সংরক্ষিত আয় ৪ হাজার ৭১৮ কোটি টাকা। রেনাটার ৩ হাজার ৭৩২ কোটি টাকা, ইউনাইটেড পাওয়ারের ৩ হাজার ৫৭২ কোটি টাকা এবং বিএসআরএম লিমিটেডের ৩ হাজার ৪০১ কোটি টাকা সংরক্ষিত আয় রয়েছে।
অন্যদিকে গ্রামীণফোনের সংরক্ষিত আয় ২ হাজার ৮০২ কোটি টাকা, বিএসআরএম স্টিলের ২ হাজার ৬৬৬ কোটি টাকা এবং এসিআইয়ের ২ হাজার ৫৯৬ কোটি টাকা।
উল্লেখযোগ্য বিষয় হলো, শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ওষুধ খাতের চার প্রতিষ্ঠানের সংরক্ষিত আয় ২৪ হাজার ৬০৮ কোটি টাকা, যা মোট সংরক্ষিত আয়ের প্রায় ৪৮ শতাংশ।
বিশ্লেষকদের মতে, সংরক্ষিত আয় কোম্পানির আর্থিক ভিত্তি শক্তিশালী করার পাশাপাশি দুর্দিনে ব্যবসা টিকিয়ে রাখতেও সহায়তা করে। তবে শুধু সংরক্ষিত আয়ের পরিমাণ বেশি হলেই কোম্পানির আর্থিক অবস্থা ভালো বলা যায় না। এই অর্থ কতটা কার্যকরভাবে বিনিয়োগ করা হচ্ছে এবং বিনিয়োগের বিপরীতে কী পরিমাণ মুনাফা আসছে, সেটিও গুরুত্বপূর্ণ।
বর্তমানে দেশে বিনিয়োগে স্থবিরতার কারণে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে এসেছে। চলতি বছরের সেপ্টেম্বরে এ প্রবৃদ্ধি নেমে দাঁড়িয়েছে ৪ দশমিক ১৭ শতাংশে। টানা সাত মাস ধরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে রয়েছে। অন্যদিকে আগস্ট শেষে ব্যাংক ঋণের গড় সুদহার দাঁড়িয়েছে ১১ দশমিক ৮৩ শতাংশে। বৃহৎ শিল্পের ক্ষেত্রে এ হার ১২ দশমিক ০৪ শতাংশ।
এ পরিস্থিতিতে নিজস্ব তহবিল দিয়ে ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণের সুযোগ থাকায় সংরক্ষিত আয় কোম্পানিগুলোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে বিনিয়োগ পরিবেশ অনুকূলে না থাকায় অনেক কোম্পানি নতুন বিনিয়োগে যাচ্ছে না। ফলে ভবিষ্যৎ সম্প্রসারণের জন্য জমে থাকা এই বিপুল অর্থের কার্যকর ব্যবহারই এখন বড় বিবেচ্য বিষয়।
























